এক ঝলকে

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১২:৩৫ এএম

স্বামীর পেশায় আনুশকা শর্মা

ভারতীয় চলচ্চিত্রে যেন খেলোয়াড়দের জীবনীনির্ভর সিনেমা তৈরির হিড়িক লেগেছে। মিতালি রাজের পর এবার আরও এক নারী ক্রিকেটারের জীবনী বড়পর্দায় উপহার দিতে চলেছে বলিউড। এবার উঠে আসবে ঝুলন গোস্বামীর জীবন। ছবির নাম ‘চাকদহ এক্সপ্রেস’। এতে ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি আনুশকা শর্মাকে। প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন তিনি। ইডেন গার্ডেনসে হবে শ্যুটিং। শোনা যাচ্ছে, সেখানে উপস্থিত থাকতে পারেন ঝুলন গোস্বামী স্বয়ং। ২০১৭ সালের সেপ্টেম্বরে ঝুলনের বায়োপিকের ঘোষণা হয়। তখন ঝুলন জানিয়েছিলেন, ‘সিনেমার অফার অনেক দিন থেকেই আসছিল। কিন্তু আমি চাইছিলাম আগে কিছু একটা করি, যা অন্যদের অনুপ্রাণিত করবে। তাছাড়া আগের অফারগুলো সবই ছিল বাংলা ছবির। আমি চেয়েছিলাম গোটা দেশ জানুক।’

শোনা গিয়েছিল, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত নারী টি-২০ বিশ্বকাপের আগেই মুক্তি পেতে পারে এই বায়োপিক। কিন্তু কোনো কারণে সেটির কাজ পিছিয়ে যায়। ঝুলনের চরিত্রে আনুশকার আগে নাম উঠে আসে দীপিকা পাড়ুকোন, বিপাশা বসুর নামও। আর সবাইকে ছাপিয়ে এতে যুক্ত করা হয় আনুশকাকে। অবশ্য অভিনেত্রীর পাশাপাশি ছবির পরিচালকেরও পরিবর্তন হয়েছে। আগে কথা ছিল সুশান্ত দাস ছবিটি পরিচালনা করবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে তিনি ছবির সঙ্গে যুক্ত নন।

শহিদের ঠোঁটে সেলাই!

বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক শহিদ কাপুর। সুন্দর মুখের জন্য ক্যারিয়ারের শুরুতেই ‘চকলেট বয়’ তকমা পেয়ে যান। বিশেষ করে তার পুরু ঠোঁটের দিওয়ানা অনেক নারী ভক্ত। সেই ঠোঁটেই যদি ক্ষতের চিহ্ন লেগে যায় তাহলে কি খারাপই না লাগবে ভক্তের। আসলেই এমনটি হয়েছে। ক্রিকেট খেলার সময় হঠাৎ একটা বল এসে মুখে লাগে শহিদের। বলের তীব্র আঘাতে অভিনেতার নিজের ঠোঁটটি থেঁতলে যায়। এরপর দ্রুত চিকিৎসককে খবর দেওয়া হয়। নিচের ঠোঁটে একাধিক সেলাই পড়েছে। যার ফলে বাতিল হয়ে যায় শ্যুটিং। এমনকি সেলাই না কাটা পর্যন্ত শ্যুটিং পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন চিকিৎসক। দক্ষিণী ছবি ‘জার্সি’র হিন্দি রিমেকের শ্যুটিং করছিলেন শহিদ। ছবিতে একজন ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে তাকে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় অভিনেতার ক্রিকেট অনুশীলনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। নায়কের এই দুর্ঘটনার ফলে শ্যুটিং স্থগিত রাখা হয়েছে। ‘জার্সি’ ছবিটি তেলেগু ভাষায় তৈরি হয়েছিল। এটি পরিচালনা করেছিলেন গৌতম তিন্নানাউরি। হিন্দি ভার্সনটিও তিনিই পরিচালনা করছেন। এক অসফল ক্রিকেটারের কাহিনী উঠে আসবে ছবিতে। পরিস্থিতি ৩৬ বছর বয়সে ক্রিকেটে ফিরতে বাধ্য করে তাকে। তার চড়াই-উতরাই ঘিরে এগোয় গল্প। তেলেগু ছবির নায়কের নাম ছিল অর্জুন। এর আগে ২০১৭ সালে মুক্তি পাওয়া তেলেগু হিট ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক ‘কবির সিং’-এ অভিনয় করে বাজিমাত করেন শহিদ। নতুন ছবির অপেক্ষায় তার ভক্তরা। এ বছরের ২৮ আগস্ট মুক্তি পাবে ‘জার্সি’।

‘জোকার’খ্যাত ফিনিক্স গ্রেপ্তার!

‘জোকার’ ছবিতে দারুণ অভিনয়ের সুবাদে এ বছর সেরা অভিনেতা হিসেবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ঘরে তুলে দু’দিন আগেই খবরের শিরোনামে এসেছিলেন হোয়াকিন ফিনিক্স। এবার এক ভিন্ন কারণে খবরের শিরোনামে উঠে এসেছে হলিউডের এই অভিনেতার নামটি। পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- শুক্রবার (১০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘জলবায়ু বঁাঁচাও’ বিক্ষোভ আন্দোলন যোগ দিয়েছিলেন ওয়াকিন। যেখানে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেন ফন্ডা, মার্টিন শিন, ম্যাগি গেলেনহাল ও সুজান সারাডন। সেখান থেকেই আটক করা হয়েছে হলিউডের এই অভিনেতাকে। এর আগে গত বছরের অক্টোবরে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার অপরাধে অভিনেত্রী জেন ফন্ডাকে আটক করেছিল পুলিশ। সে সময় আরও আটক করা হয় স্যাম ওয়াটারসন, টেড ড্যানসন, রোজানা আরকুয়েট, স্যালি ফিল্ড ও ক্যাথেরিন কিনারকে।

ভক্তদের কৌতূহল মেটালেন আসিফ

আসিফ আকবর চলতি বছর রেকর্ড পরিমাণ গান গাওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একটি ছবিতে গায়ককে ন্যাড়া মাথায় দেখা যায়। এ নিয়ে ভক্তদের মনে নানা কৌতূহল তৈরি হয়। এবার সব জল্পনার জবাব নিজের ফেইসবুকে অফিশিয়াল ফ্যানপেজে জানালেন আসিফ আকবর। গায়কের দীর্ঘ ফেইসবুক স্ট্যাটাস পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো। ‘অনেক দিন নিজের মাথা দেখি না তাই চুল ফেলে দিলাম। মাথার ভেতরে গিজগিজ করা আইডিয়া আর উত্তেজনা মাথার উপর কি প্রতিক্রিয়ার সৃষ্টি করে সেটাও দেখা দরকার। আমি সবসময় বলতাম শীত আসলে মানুষের পাগলামি বাড়েÑ তাহলে আমার ক্ষেত্রেও কি তাই হলো? নাহ ওরকম কিছু হয়নি। কারণ পাগল নিজেকে সবসময় সুস্থ মনে করে। আমার হেয়ার ড্রেসার জীবন গতকাল খুব আপসেট হয়ে চুলের  শেষকৃত্য করেছে। ও ভেবেছিল আমি তাকে নতুন হেয়ার কাটের জন্য ডেকেছি। শীতের সময় চুল কাটানো এক ধরনের অসামঞ্জস্যপূর্ণ কাজ, তবু করতে হয়েছে। নিজের বছরব্যাপী প্ল্যানটাকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য এটা ছাড়া আর  কোনও উপায় ছিল না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত