বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল ভারত। এই আন্দোলনের নেতৃত্বে ছাত্র-যুব সমাজ। বিষয়টিতে মুখ খুললেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পথ ছেড়ে আবার ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার দিল্লিতে লালবাহাদুর শাস্ত্রী স্মারক বক্তৃতা দেওয়ার অবসরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গাভাস্কার বলেন, “পড়ুয়াদেরকে আমি বলতে চাই, আপনারা ক্লাসরুমে ফিরে যান। ক্লাস করুন। কারণ ক্লাস করাই আপনাদের প্রধান কর্তব্য। আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য ভর্তি হয়ছেন। সুতরাং মন দিয়ে পড়াশোনা করুন।”
“দেশে অস্থিরতা চলছে। কিছু ইয়াংস্টার ক্লাসরুম ছেড়ে পথে নেমে এসেছেন। এমনকী এদের মধ্যে অনেক তরুণকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে পড়ুয়াদের বৃহৎ অংশ ক্লাসরুমে। তারা তাদের ক্যারিয়ার তৈরিতে ব্যস্ত। তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। আমরা সবাই একসঙ্গে হলেই একমাত্র দেশকে উন্নতির সর্বোচ্চ স্তরে পৌঁছে নিয়ে যেতে পারব।”
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন চলছে। তাতে অংশ নিয়েছেন ছাত্র-যুবরা। জামিয়া মিলিয়া, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও জেএনইউসহ দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এতে অংশ নিচ্ছেন।
