সীমান্ত হত্যার ঘটনায় বাংলাদেশ উদ্বিগ্ন: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ০৪:৩১ পিএম

সীমান্ত হত্যা বন্ধে ভারত অঙ্গীকার করার পরও সীমান্ত হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফর উপলক্ষে রোববার পররাষ্ট্রমন্ত্রী নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ উদ্বেগ প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে যাতে একজনও মারা না যায়, সে ব্যাপারে ভারত অঙ্গীকার করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে, সীমান্ত হত্যা ঘটছে। তাই আমরা উদ্বিগ্ন।

তিনি বলেন, আমাদের নীতি হচ্ছে, সীমান্তে যাতে একজনও মৃত্যুর সম্মুখীন না হয়। ভারত সরকার সেটাতে রাজি হয়েছে। অর্থাৎ আমরা চাই সেখানে একজনও মারা যাবে না। কিন্তু হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমাদের উদ্বেগের বিষয়টি ভারতকে জানাব। সীমান্ত হত্যা বন্ধ নিয়ে আমাদের কাছে যে অঙ্গীকার তারা করেছিল, সেটা তাদের পূরণ করতে বলব।

বাংলাদেশে পড়াশোনা করছেন কাশ্মীরের এমন শিক্ষার্থীদের ভিসা দেওয়া হচ্ছে না, ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা একেবারেই মিথ্যা তথ্য। মিথ্যা খবর। আমরা তাদের অবশ্যই ভিসা দিই। এটা সত্যি না।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে গণমাধ্যমের সাম্প্রতিক ভূমিকার সমালোচনা করে আবদুল মোমেন বলেন, ‘আপনারা মিডিয়া বলেন, সম্পর্ক শীতল। আমরা বলি, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত উষ্ণ। গতকাল (শনিবার) আপনারা একটি নন ইস্যুকে ইস্যু বানিয়েছেন। সেখানে আমি যেতে পারব না, সেটা আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছিল। তখন তারা পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে দাওয়াত দিয়েছিল। তিনিও কিন্তু যাবেন বলে বলেননি। আমরা সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূতদের সম্মেলন করতে যাচ্ছি। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকছেন। সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর থাকা উচিত।’

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে প্রধানমন্ত্রী রবিবার বিকেলে আবুধাবি যাচ্ছেন। তিনি সেখানে আবুধাবি সাসটেইনেবিলিটি উইকে যোগ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত দূত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত