আচরণবিধি মানতে প্রার্থীদের বাধ্য করা হবে: রিটার্নিং কর্মকর্তা

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ০৬:৩৯ পিএম

নির্বাচনী আচরণবিধি পালনে প্রার্থীদের বাধ্য করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

রবিবার দুপুরে রাজধানীর গোপীবাগে মেয়র সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।

আব্দুল বাতেন বলেন, প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি এখনো কঠোরভাবে দেখা হচ্ছে বলে মনে করি না। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে দু’একদিনের মধ্যেই বৈঠক করব। প্রত্যেক প্রার্থীকেই জবাবদিহির আওতায় আসতে হবে।

শুক্রবার নির্বাচনী প্রচার শুরুর দিনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে বিএনপি মনোনীত ডিএসসিসির মেয়র প্রার্থী ইশরাক হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, আচরণবিধিতে সুস্পষ্টভাবে বলা আছে, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচার চালান যাবে না।

মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, প্রার্থীরা প্রচার কীভাবে করতে পারবেন, সেটি আইনে বলা আছে। আচরণবিধিতে স্পষ্ট বলা আছে, সরকারি সুবিধাভোগীরা প্রচার করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত এ আইন বলবৎ আছে, ততক্ষণ পর্যন্ত মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী-এমপিরা প্রচারে অংশ নিতে পারবেন না। যারা সরকারি সুবিধাভোগী নন, তারা অংশ নিতে পারবেন।

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ও নিজেরা স্বপ্রণোদিত হয়ে যদি দেখি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে আমরা কারণ দর্শানোর নোটিশ দেব। তারপরও সে যদি একই অপরাধ বারবার করেন, তাহলে কঠোর ব্যবস্থা নেব। প্রয়োজনে নির্বাচন কমিশনকে বলব, তার প্রার্থিতা বাতিল করতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত