নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী সারোয়ার হোসেন আলোর বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী লিয়াকত আলী।
শনিবার রাতে দেওয়া ওই চিঠিতে সারোয়ার আলমের বিরুদ্ধে সড়ক বন্ধ করে নির্বাচনী ক্যাম্প স্থাপনের অভিযোগ করেন তিনি।
লিখিত চিঠিতে লিয়াকত আলী বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী (সারোয়ার হোসেন আলো) আমার বাড়ির সামনে (২২/২৩, পদ্মনীধি লেন, ওয়ারী) রাস্তা দখল করে জন ও যান চলাচলের বিঘ্ন ঘটিয়ে তার নির্বাচনী ক্যাম্প স্থাপন করেন। তিনি সরকারি গেজেটভুক্ত ভোটকেন্দ্রে (দক্ষিণ মুসদ্দি গার্লস হাই স্কুলের মধ্যে) নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে তার নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন।
‘একই ওয়ার্ডে তিনি একের অধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন যা সিটি করপোরেশন (নির্বাচনী আচরণ) বিধিমালা-২০১৬ এর বিধি-১২ (২) ধারা সুস্পষ্ট লঙ্ঘন’।
এ বিষয়ে রবিবার ডিএসসিসির রির্টানিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, আমরা প্রতিটি অভিযোগ আমলে এনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছে পাঠিয়েছি। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
