খুলনা টাইগার্সের বিপক্ষে শনিবার লিগ পর্বের শেষ ম্যাচে বাঁ-হাতে চোট পান মাশরাফী বিন মোর্ত্তজা। ঢাকা প্লাটুন অধিনায়কের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মাঝের জায়গায় লেগেছে ১৪ সেলাই। এরপরও মাশরাফী সোমবার দলের এলিমিনেটর ম্যাচে খেলতে চান!
চার নম্বরে থেকে লিগ পর্ব শেষ করা ঢাকা এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। হারলেই আসর থেকে ছিটকে যেতে হবে। গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও এই ম্যাচে মাশরাফী খেলবেন এই আশা আগের দিনই অনেকে ছেড়ে দিয়েছেন বলা চলে। ১৪ সেলাই নিয়ে কীভাবে খেলবেন!
কিন্তু রবিবার ঢাকার ম্যানেজার আহসানুল্লাহ হাসান জানিয়েছেন খেলার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছেন মাশরাফী। একটি সংবাদমাধ্যমকে আহসানুল্লাহ হাসান বলেন, ‘আপনারা তো তাকে চেনেন। তিনি লড়াকু মানুষ। সেলাই নিয়েও তিনি খেলতে চাইছেন। তিনি মাঠে নামতে মরিয়া।’
মাশরাফীর যেহেতু ডানহাতি বোলার তাই কিছুটা আশা অবশ্য আছে। তবে ১৪টি সেলাই পড়ার পর একদিন পরই মাঠে নামা বেশ ঝুঁকির। ঢাকার ম্যানেজার তাই বলেছেন, ‘যেহেতু মাশরাফীর বোলিং হাত না, তাই আমরা আলাপ করে দেখব কী করা যায়।’ সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার হবে বলে জানান তিনি।
