দ্বন্দ্ব ভুলে একসঙ্গে

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ০৮:৪৮ পিএম

হল মালিকদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি’র সঙ্গে চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের দা -কুমড়া সম্পর্ক ছিল। মাঝে মিটিং, মিছিল আন্দোলনও হয়েছে। তবে চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এই সংগঠনের সঙ্গে সব তিক্ততা ভুলে এক সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে চলচ্চিত্র প্রযোজক সমিতিসহ অন্য সংগঠনগুলো।

শনিবার বিএফডিসিতে প্রযোজক সমিতির অফিসে শুভেচ্ছা জানাতে আসে প্রদর্শক সমিতির নবনির্বাচিত কমিটি। এ সময় চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি’র উদ্যোগে দুপক্ষের নেতারা বিদ্যমান দ্বন্দ্ব থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন এবং একসঙ্গে এ নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক সামসুল আলম এবং প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদ ও সহসভাপতি মিয়া আলাউদ্দিনসহ আরও অনেকে।

প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘হল বন্ধ হয়ে যাওয়া এবং এর নানা সংকট থেকে উত্তরণের জন্য হল মালিকদের সরকারের কাছে উত্থাপন করা দাবি-দাওয়ার প্রতি সমর্থন জানিয়েছি। কোন ছবি হল থেকে নেমে যাওয়ার পর দিনই যেন একজন প্রযোজক তার ন্যায্য শেয়ার বুঝে পান তার উদ্যোগ প্রদর্শক সমিতি নেবে-এমন অঙ্গীকারও তারা করেছে। এ ছাড়া সিনেমা হলগুলোতে বর্তমানে প্রজেক্টর মেশিন দুটি বেসরকারি প্রতিষ্ঠানের আওতাধীন। এ কারণে প্রযোজকদের বিরাট অঙ্কের ভাড়া গুনতে হয়। হল মালিকরা নিজেরা যেন প্রজেক্টর বসায় তার জোর দাবিও মিটিংয়ে করা হয়েছে।’

এদিকে ১৮টি সংগঠন মিলে ছবি নির্মাণের জন্য একটি নীতিমালা তৈরি করেছিল গত বছর। যেটি গত ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। সেই নীতিমালা মেনে চলতে সবাই সম্মত হয়েছে। নীতিমালা কার্যকর বিষয়ক সভায় উপস্থিত ছিলেন শাকিব খানও। তিনিও নীতিমালা মেনে সিনেমার খরচ কমানোর পক্ষে মতামত দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত