‘চিরঞ্জীব মুজিব’ নির্মাণে পৃষ্ঠপোষক সিকদার গ্রুপ

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১১:১৯ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’।

হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিতব্য এই চলচ্চিত্রের পৃষ্ঠপোষক হিসেবে থাকছে সিকদার গ্রুপ, পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে গত শনিবার রাজধানীর বনানীতে সিকদার হাউসে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হয়েছে।

সিকদার গ্রুপ, পাওয়ারপ্যাক হোল্ডিংস ও ন্যাশনাল ব্যাংকের পক্ষে রন হক সিকদার এবং হায়দার এন্টারপ্রাইজের পক্ষে লিটন হায়দার চুক্তিতে সই করেন। এসময় সিকদার গ্রুপের পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তাদের (সিওও) প্রধান পরিচালন কর্মকর্তা এস কিউ ইসলাম মোহন, ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ এস এম বুলবুলসহ সিকদার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, চলচ্চিত্রটি নির্মাণের জন্য নির্মাতা প্রতিষ্ঠানকে ৫ কোটি টাকা অর্থ সহায়তা দেবে সিকদার গ্রুপ, পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক। চলচ্চিত্রটি নির্মাণ শেষে এর বাণিজ্যিক প্রদর্শন ও বিজ্ঞাপন প্রচার থেকে অর্জিত অর্থের পুরোটাই জমা হবে বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টে। অনুষ্ঠানে জানানো হয়, শিগগিরই ছবিটির নির্মাতা, শিল্পী-কুশলীদের চূড়ান্ত করে তা সংবাদ সংম্মেলনের মাধ্যমে জানানো হবে। ছাত্রনেতা থেকে ভাষা আন্দোলনে মূল নেতা হয়ে ওঠাসহ বঙ্গবন্ধুর বাংলাদেশের স্বপ্নদর্শী নেতায় পরিণত হওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে চলচ্চিত্রটিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত