বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নামকরণ স্থায়ীভাবে ‘বঙ্গবন্ধু বিপিএল’ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ বছর বিশেষ বিপিএল আয়োজন করেছে বিসিবি। যার নাম করণ করা হয়েছে বঙ্গবন্ধুর নামে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক না করে এবার নিজস্ব ব্যবস্থাপনায় এই আসর আয়োজন করেছে বিসিবি।
তবে পরবর্তী আসর থেকে বিপিএলে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা ফিরলেও নামকরণ বঙ্গবন্ধুর নামেই থাকবে। রবিবার বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেন, ‘আমরা এই বছর করেছিলাম বিশেষ বিপিএল- ‘বঙ্গবন্ধু বিপিএল।’ আমরা এটা চালিয়ে যাব। আজকে সিদ্ধান্ত নিয়েছি বিপিএলের নাম বঙ্গবন্ধু বিপিএলই থাকবে। ফ্র্যাঞ্চাইজি এলেও কোনো সমস্যা নেই। ওরা আসবে, থাকবে। আমরা (টুর্নামেন্টের) নামটা কেবল বঙ্গবন্ধু বিপিএল করে দিচ্ছি।’
