রাষ্ট্রের কোটি কোটি টাকা লুট করতেই ইভিএম : রিজভী

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১২:৫০ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, রাষ্ট্রের কোটি কোটি টাকা লুটপাট করতেই জনগণের ঘাড়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চাপিয়ে দেওয়া হয়েছে। গতকাল রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। একইসঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, এখনো সময় আছে ইভিএমের মাধ্যমে নির্বাচনের পথ থেকে সরে আসুন।

ব্যালটের চেয়ে ইভিএমে ভোটগ্রহণে প্রশিক্ষণ খাতেই অন্তত আটগুণ বেশি খরচ দেখানো হচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী, এনআইডির সাবেক ডিজি বর্তমানে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) ব্যবস্থাপনা পরিচালক এবং এনআইডির বর্তমান ডিজির পরিকল্পনা ও নির্দেশনায় রাষ্ট্রের কোটি কোটি টাকা লুটপাট করতে জনগণের ঘাড়ে ইভিএম চাপিয়ে দেওয়া হয়েছে। রিজভী বলেন, সংশ্লিষ্ট সবার আপত্তি সত্ত্বেও আগামী ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশনের তোড়জোড় বেপরোয়া দুর্বৃত্তপনার বর্ধিত প্রকাশ। তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্র আড়াই হাজারের মতো। ভোটকক্ষ প্রায় ১৪ হাজার। প্রতিটি কক্ষে একটি করে ইভিএম ব্যবহার করতে চায় ইসি। সেই হিসেবে ১৪ হাজার ইভিএমের প্রয়োজন পড়বে। কিন্তু গত ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন, নির্বাচনে ৩৫ হাজার ইভিএম ব্যবহার করা হবে। রিজভী প্রশ্ন রেখে বলেন, অতিরিক্ত ২১ হাজার ইভিএম কোথায় ব্যবহার করা হবে?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত