নির্বাচনী আচরণবিধি মানতে প্রার্থীদের বাধ্য করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন। গতকাল রবিবার দুপুরে গোপীবাগে মেয়র সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আবদুল বাতেন বলেন, প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি এখনো কঠোরভাবে দেখা হচ্ছে বলে মনে করি না। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে দুয়েক দিনের মধ্যেই বৈঠক করব। আচরণবিধি মানতে প্রার্থীদের বাধ্য করা হবে। প্রত্যেক প্রার্থীকেই জবাবদিহিতার আওতায় আসতে হবে।
গত শুক্রবার নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর প্রথম দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বাতেন বলেন, আচরণবিধিতে সুস্পষ্টভাবে বলা আছে, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচার চালানো যাবে না। মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, প্রার্থীরা প্রচার কীভাবে করতে পারবেন সেটি আইনে বলা আছে। আচরণবিধিতে
স্পষ্ট বলা আছে, সরকারি সুবিধাভোগীরা প্রচার করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত এ আইন বলবৎ আছে ততক্ষণ পর্যন্ত মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী-এমপিরা প্রচারে অংশ নিতে পারবেন না। যারা সরকারি সুবিধাভোগী নন, তারা অংশ নিতে পারবেন। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আবদুল বাতেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে গণমাধ্যম ও নিজেরা স্বপ্রণোদিত হয়ে যদি দেখি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে আমরা কারণ দর্শানোর নোটিস দেব। তারপরও তিনি যদি একই অপরাধ বারবার করেন তাহলে কঠোর ব্যবস্থা নেব। প্রয়োজনে নির্বাচন কমিশনকে বলব প্রার্থিতা বাতিল করতে।
বিএনপির প্রার্থীর বাড়ির সামনের রাস্তায় ক্যাম্প স্থাপনের অভিযোগ : আচরণবিধি ভেঙে ৪১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী সারোয়ার হোসেন আলো রাস্তা বন্ধ করে ক্যাম্প স্থাপন করেছেন বলে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন বিএনপির প্রার্থী লিয়াকত আলী। গত শনিবার রাতে এক চিঠিতে এ অভিযোগ করেন তিনি। বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার বাড়ির সামনে রাস্তা দখল করে জন ও যান চলাচলের বিঘœ ঘটিয়ে তার নির্বাচনী ক্যাম্প স্থাপন করেন। একই ওয়ার্ডে তিনি একের অধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন গতকাল রবিবার বলেন, আমরা প্রতিটি অভিযোগ আমলে এনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছে পাঠিয়েছি। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
