তার স্বপ্ন ছিল বার্সেলোনার কোচ হবেন। স্বপ্ন পূরণ হচ্ছে জাভি হার্নান্দেজের, তবে এখনই কাতালান শিবিরে ফিরছেন না তিনি। জানিয়েছেন শুরু থেকে শুরু করতে চান। তাই আগামী মৌসুম অর্থাৎ জুনে কোচ হয়ে বার্সেলোনায় ফিরবেন ক্লাবটির সাবেক তারকা জাভি। সাবেক লিজেন্ডকে আড়াই বছরের জন্য দায়িত্বে আনতে চেয়েছিল বার্সা। আগামী দু-এক দিনের মধ্যেই তাকে দায়িত্ব বুঝে নেওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু মৌসুমের মাঝামাঝি কোচ হওয়ার ইচ্ছা নেই জাভির। তাই গতকাল কাতার থেকে বার্সার প্রতিনিধিদলকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন। বর্তমানে কাতারের ক্লাব আল সাদ-এর কোচ হিসেবে আছেন জাভি।
জাভিকেই কোচ হিসেবে আনার ব্যাপারে পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বার্সেলোনা। ব্যাপারটি এমন ছিল। তাই এখনই বা পরের মৌসুম যখন চাইবেন তখনকার জন্য সেভাবেই চুক্তির মেয়াদকাল ঠিক করা হয়। এখনই চুক্তি করতে চাইলে আড়াই বছর আর যদি আগামী মৌসুম থেকে দায়িত্ব নিতে চান তবে দুই বছরের মেয়াদকাল হবে জাভির। ভালো করলে বার্সায় তার সময় বাড়বে। মৌসুমের মাঝপথে দায়িত্ব না নেওয়ায় এখন দুই বছরের জন্য জাভির সঙ্গে চুক্তি করছে বার্সা। সময় শুরু হবে আগামী বছর জুন থেকে। অবস্থা এমন দাঁড়িয়ে যাওয়ায় খুবই বিব্রতকর হলো এরনেস্তো ভালভার্দের জন্য। কোচ হিসেবে থাকছেন না, এটা জেনেই তাকে মৌসুমের বাকি সময় কাটাতে হবে। এমন অবস্থায় দলকে ভালো কিছু এনে দেওয়া কঠিন। এর আগে ম্যানুয়েল পেল্লেগ্রিনির এই পরিস্থিতিতে পড়তে হয়েছিল। তার মেয়াদকাল থাকতেই ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওলাকে কোচ ঘোষণা করে বসে। সেবার ম্যানসিটি খুব একটা ভালো করতে পারেনি। বার্সাও ম্যানসিটির মতো কাজ করল।
বাধ্য হয়েই নতুন কোচের খোঁজে নামতে হয় বার্সেলোনাকে। এই মুহূর্তে সেরা কোচরা কেউ অবসরে নেই বলে জাভির শরণাপন্ন দলটি। বিশ্বকাপজয়ী সাবেক তারকার কোচিং অভিজ্ঞতা খুব একটা হয়নি। কাতারের দল আল সাদের হয়ে মাত্র এক মৌসুম পার করেছেন। কিন্তু বার্সেলোনাকে খুব ভালো ভাবে চেনেন এবং লিওনেল মেসির সঙ্গে খুব ভালো বোঝাপড়া আছে বলেই জাভিকে কোচ করতে চায় কাতালান জায়ান্টরা। সেই প্রস্তাব দিতে বার্সেলোনার প্রতিনিধি হিসেবে অস্কার গাউরু ও এরিক আবিদাল কাতারে গিয়েছিলেন। শুক্রবার গিয়ে জাভিকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেন তারা।
