আ.লীগের দুজন স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীই যথেষ্ট : কাদের

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০১:৪৬ এএম

আসন্ন ঢাকা সিটি নির্বাচনে বিএনপি নেতাদের প্রচার মোকাবিলার জন্য আওয়ামী লীগের দুজন স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীই যথেষ্ট বলে মনে করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির শীর্ষ নেতাদের নির্বাচনী প্রচার মোকাবিলা করতে আওয়ামী লীগের দুজন স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীই যথেষ্ট। গতকাল রবিবার ধানম-িতে আওয়ামী  লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকম-লীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন নির্বাচনী প্রচারে নামার জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘আমি একবারের জন্যও কি আচরণবিধি লঙ্ঘন করার মতো কোনো কাজ করেছি? সমাবেশে অংশ নিয়েছি? তাহলে মির্জা ফখরুল সাহেব কেন এই অবান্তর প্রশ্নটা করতে গেলেন। আমি তাকে বলব, আপনার চ্যালেঞ্জ করা লাগবে না। যদি চ্যালেঞ্জ বলেন তাহলে বলব, আমাদের মন্ত্রী-এমপিদের প্রয়োজন হবে না। আমাদের দুজন ক্লিন ইমেজের মেয়র প্রার্থী যথেষ্ট আপনাদের বিএনপির নেতাদের ক্যাম্পেইনের মোকাবিলা করার জন্য। তিনি বলেন, ‘স্বচ্ছ ভাবমূর্তির দুই প্রার্থী নিজেরাই যথেষ্ট আপনাদের মোকাবিলা করতে।’ যারা এমপি-মন্ত্রী আছেন তাদের দ্বারা যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না হয় এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগের দুই নেতা ও সংসদ সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদকে দিয়ে ঢাকার দুই সিটিতে নির্বাচনী প্রচারের সমন্বয় করানো নিয়ে প্রশ্ন উঠেছে। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশন যে কথা বলেছে সে বিষয়ে আমাদের দ্বিমত পোষণ করি না। এখানে আমাদের আরও রাজনৈতিক কার্যাবলি আছে, সিটিতে আরও কাজ আছে সেটা তারা করবেন। তারা ক্যাম্পেইনে অংশ নেবে না। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে তেমন কোনো কাজে তারা অংশ নেবে না। অহেতুক কোনো বিতর্ক আমরা সৃষ্টি করতে চাই না।’ ঢাকা উত্তর সিটি করেপারেশনে বিএনপির মিছিল আটকে রাখার অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘এমন কোনো অভিযোগ করেছে বলে জানা নেই। যদি করে থাকেন আর নির্বাচন কমিশন যদি মনে করে আচরণবিধি কেউ লঙ্ঘন করেছে, তারা যেকোনো পদক্ষেপ নিতে পারে।’

 

৭ মার্চের আগে মেয়াদোত্তীর্ণ কমিটি : আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের আগে শুরু হওয়া জেলা সম্মেলনের অসমাপ্ত কাজ আগামী ৭ মার্চের আগে শেষ করার জন্য কাজ শুরু করার কথা জানিয়েছে দলের সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যেসব জেলাগুলো মেয়াদোত্তীর্ণ আছে সেগুলো দ্রুত শেষ করতে হবে। আমাদের নতুন দায়িত্বপ্রাপ্তদের কাজ বণ্টন করে দিয়েছেন। মুজিববর্ষ শুরু হওয়ার আগেই অর্থাৎ ১৭ মার্চের আগে এবং আমাদের ঐতিহাসিক ৭ মার্চ আছে, এর আগে যতটা সম্ভব অসমাপ্ত কাজ শেষ করতে নেত্রীর নির্দেশনা পেয়েছি। নির্দেশনা মোতাবেক সম্পাদকম-লীকে অবহিত করেছি।’ এ সময় তিনি সারা দেশে শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে আওয়ামী লীগের কর্মকা- তুলে ধরেন। ওবায়দুল কাদের জানান, দলের নতুন নির্বাহী কমিটির সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে আগামী ১৮ জানুয়ারি টুঙ্গিপাড়া যাবেন সভাপতি শেখ হাসিনা। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং যৌথসভা করা হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, সফিউল আলম চৌধুরী নাদেল, সাখাওয়াত হোসেন শওকত, অর্থ সম্পাদক বেগম ওয়াসিকা আয়েশা খানম, আইন সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, উপদপ্তর সম্পাদক সায়েম খান বৈঠকে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত