বিএনপিকে ইঙ্গিত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা তার গণসংযোগে হামলা করেছে। গতকাল রবিবার শান্তিনগর কাঁচাবাজার থেকে তৃতীয় দিনের নির্বাচনী প্রচার শুরুর সময় এ অভিযোগ করেন তাপস। একই দিন ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম উত্তরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারের লিফলেট বিতরণের সময় সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, ‘উন্নয়ন চলছে, চলবে।’
নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর দ্বিতীয় দিন গত শনিবার আরকে মিশন রোডে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের বাসায় লিফলেট বিতরণ করতে গিয়ে শেখ তাপস বলেন, এখন থেকে সম্প্রীতির রাজনীতি চলবে। সে এলাকায় দুপুরে তাপসের প্রচার চালানোর পর সন্ধ্যার দিকে এক কাউন্সিলর প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটে। ওই প্রসঙ্গ তুলে
গতকাল তিনি বলেন, ‘আরকে মিশন রোডে নির্বাচনী প্রচারের এক পর্যায়ে সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইশরাক হোসেনের বাসায়ও আমি গিয়েছি। সেখানে সকলের সঙ্গে সাক্ষাৎ করেছি। ভোট প্রার্থনা করেছি।
কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা সেখান থেকে চলে আসার পরই সন্ধ্যার দিকে তারা অতর্কিতভাবে আমাদের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীসহ গণসংযোগে যারা ছিল তাদের ওপর আক্রমণ করেছে। এটা অত্যন্ত ন্যক্কারজনক।’ তাপস বলেন, ‘আমরা চাই সম্প্রীতির রাজনীতি, পরিবর্তনের রাজনীতি। আমরা এই রাজনীতির সূচনা করতে চাই। আমরা আশা করব সবাই আমার সঙ্গে সেই সূচনায় অংশগ্রহণ করবে এবং আমরা একটা সুন্দর, সম্প্রীতির রাজনীতি ঢাকাবাসীকে উপহার দেব। তাবলিগ জামায়াতের সবচেয়ে বড় আয়োজন বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে শরিক হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন জানিয়ে শেখ তাপস বলেন, ‘আমরা জনগণের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। যে পরিকল্পনা আমরা দিয়েছি আমাদের প্রাণের ঢাকা, ভালোবাসার ঢাকাকে গড়ে তোলার লক্ষ্যে ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা এবং সর্বোপরি উন্নত ঢাকা গড়ে তোলার, ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করেছে। এজন্য স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমরা খুবই আশাবাদী যে, ঢাকাবাসী আমাদের পক্ষে রায়০ দেবে।’ এ সময় শান্তিনগর এলাকার ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক আবুল (ঘুড়ি মার্কা) এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলীকে (আনারস মার্কায়) পরিচয় করিয়ে দেন তাপস। গতকাল সারাদিন পল্টন, মালিবাগ, সেগুনবাগিচা, মতিঝিল, শাহজাহানপুর, সিদ্ধেশ্বরী, বেইলি রোডসহ ওই এলাকায় নির্বাচনী কার্যক্রম চালান শেখ ফজলে নূর তাপস।
‘উন্নয়ন চলছে, চলবে’ : গতকাল কসাইবাড়ি রেলগেট, কাচপুরা, উত্তরখান, দক্ষিণখান, ময়নারটেক, ফায়দাবাদ, আব্দুল্লাহপুর হয়ে তুরাগ, কামারপাড়া, নয়ানগর মাদ্রাসা ও রানাভোলা হয়ে বাওনিয়া এলাকায় গণসংযোগ করার সময় সাধারণ পথচারী থেকে শুরু করে আশপাশের দোকানিদের সঙ্গে হাত মিলিয়ে ভোট চান আতিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, উন্নয়ন চলছে, চলবে। এ শহরের উন্নয়নের অগ্রযাত্রাকে এবার গন্তব্যে নেওয়ার পালা। সবাই মিলে সবার ঢাকা, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়তে চাই। তাই আগামী ৩০ জানুয়ারি উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিন। আতিকুল ইসলামের নির্বাচনী সমন্বয়ক জয়দেব নন্দী জানান, এই এলাকায় গণসংযোগ শেষে তিনি উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে নেতাকর্মীসহ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন।
