সীতাকুণ্ডের সড়কে আবারও ঝরল একজনের প্রাণ। এ নিয়ে গত ১৫ দিনে প্রাণ হারাল ১২ জন।
সোমবার সকালে উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের সেবা ফিলিং স্টেশনের অভ্যন্তরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান ওই ট্রাকের হেলপার মো. হাবেল (২৪)।
তিনি টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার রুপশান্তি গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক টিবলু মজুমদার জানান, ট্রাকে তেল ভরার পর স্টার্ট দেওয়ার আগে পেছনের চাকার বাতাস চেক করছিলেন হেলপার হাবেল।
এ সময় চালকের আসনে থাকা মো. শহিদুল ইসলাম (৫২) ট্রাককে পেছনের দিকে চালিয়ে দিলে চাকায় পিষ্ট হয়ে যান হেলপার হাবেল। গুরুতর আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যায় চালক নিজে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হাসপাতাল থেকে ট্রাক চালক শহিদুল ইসলামকে আটক করে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করেছে চমেক পুলিশ ফাঁড়ি।
