১১ জানুয়ারি থেকে ঢাকায় বসেছে আন্তর্জাতিক চলচ্চিত্র আসর ‘অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০’। এই উৎসবে দেখানো হয় আরিফিন শুভ ও ভারতের ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত চলচ্চিত্র ‘আহা রে’। ছবিটির প্রদর্শনী ও সেশনের জন্য ১৩ জানুয়ারি সকালে ঢাকায় এসেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
জানা যায়, উৎসবের তৃতীয় দিন শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বিকেল ৫টায় দেখানো হয় ছবিটি। এর পরপরই দর্শকদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
এদিকে ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকায় এতে উপস্থিত থাকতে পারেননি চিত্রনায়ক আরিফিন শুভ।
গত ২২ ফেব্রুয়ারি ছবিটি কলকাতায় মুক্তি পায়। এরপর ভারত, চীনসহ বিভিন্ন উৎসবে প্রশংসিত হয়। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রঞ্জন ঘোষ। দুই ধর্মের মানুষের ভালোবাসার গল্প উঠে এসেছে ‘আহা রে’-তে। যা আবর্তিত হয়েছে খাবারকে ঘিরে। এতে বাংলাদেশি যুবক হিসেবে সামনে এসেছেন আরিফিন শুভ। যার নাম ফারহাজ চৌধুরী। যিনি কাজের জন্য কলকাতা শহরে আসেন। অন্যদিকে মধ্যবিত্ত হিন্দু পরিবার থেকে উঠে আসেন ঋতুপর্ণা। দুজনেই রান্নায় পারদর্শী।
