মুক্তির দিনেই ফাঁস মহেশ বাবুর ছবি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০৮:১৭ পিএম

সর্বশেষ ‘মহর্ষি’ ছবিতে অভিনয় করে পর্দা মাতিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। এবার মুক্তি পেল তার অভিনীত আরেক ছবি ‘সেরিলেরু নেকাভ্রারু’। বক্স অফিসে ছবিটি দুর্দান্ত শুরু করলেও মুক্তির দিনই অনলাইনে ফাঁস হয়েছে! গত বছর থেকেই ছবিটি নিয়ে বেশ উৎসুক ছিল মহেশের ভক্ত-অনুরাগীদের। এমনকি ‘মহর্ষি’ ছবির ব্যাপক সাফল্যের পর মহেশ বাবু নিজেও এই ছবিটি নিয়ে আশাবাদী ছিলেন। কিন্তু মুক্তির দিনই কুখ্যাত পাইরেসি সাইট তামিল রকার্স তাদের অনলাইন সাইটে ফাঁস করে দিয়েছে মহেশ বাবুর ‘সেরিলেরু নেকাভ্রারু’। অনিল রাভিপুডু পরিচালিত ‘সেরিলেরু নেকাভ্রারু’ ছবিটিতে ভারতের কাশ্মীরের সেনা কর্মকর্তা হিসেবে দেখা গেছে মহেশ বাবুকে। এছাড়া ছবিটিতে আরও অভিনয় করেছেন রেশমিকা মান্দানা ও প্রকাশ রাজ।

অনলাইনে ছবিটি ফাঁস হলেও প্রেক্ষাগৃহে এর খুব একটা প্রভাব পড়বে না বলে জানিয়েছিল ছবির প্রযোজনাসূত্র, তবে দ্বিতীয় দিন থেকেই প্রেক্ষাগৃহ থেকে আয় কমতে শুরু করে। শুক্রবার মুক্তি পাওয়া ছবিটি তিন দিনই ৬০ কোটি রুপির বেশি আয় করেছে। ১৯৯৯ সালে রাঘাবেন্দ্র রাও পরিচালিত ‘রাজা কুমারুডু’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছিল মহেশ বাবুর। বক্স অফিসে ছবিটি সে সময় প্রায় ১১ কোটি রুপি আয় করেছিল, যা তেলেগু ছবির ইতিহাসে ছিল অভিষেকে কোনো নায়কের ছবিতে সর্বোচ্চ আয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত