ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে তৈরি হওয়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পরিস্থিতি কিছুটা স্তিমিত হওয়ার মধ্যেই ইরাকে যুক্তরাষ্ট্রের সেনা অবস্থানের ওপর রকেট হামলা হয়েছে। বাগদাদের কাছে বালাদ বিমান ঘাঁটিতে গত রবিবার ওই হামলায় অন্তত চারজন আহত হয়েছে বলে জানিয়েছে এএফপি।
ইরাকি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আটটি রকেট ছোড়া হয়েছিল ঘাঁটি লক্ষ্য করে, চারটি আঘাত হেনেছে। এতে দুই কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন। আহতরা সবাই ইরাকি সৈন্য।
যুক্তরাষ্ট্রের সৈন্যদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে কিছু বলা হয়নি ইরাকি সেনাবাহিনীর বিবৃতিতে। এই হামলা কারা চালিয়েছে, সে বিষয়েও বিবৃতিতে কিছু বলা হয়নি।
ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সুলেইমানিকে বাগদাদে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে হত্যা করার পর থেকে উত্তেজনা চলছে মধ্যপ্রাচ্যে। ওই হামলার জবাবে গত বুধবার ইরান ইরাকে যুক্তরাষ্ট্রের সেনা অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে তাতে যুক্তরাষ্ট্রের বাহিনীর কেউ হতাহত হয়নি।
