দুই সুপার ফেভারিটের সিরিজ আজ থেকে

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০১:০০ এএম

অস্ট্রেলিয়ান পেসার কেন রিচার্ডসন মনে করছেন ভারত ফেভারিট। স্টিভ ওয়াহর ফেভারিটও ভারত। কিন্তু রিকি পন্টিং টুইটারে লিখেছেন, ‘ভালো একটা বিশ্বকাপ ও দারুণ একটা মৌসুম শেষ করে ভারতে অস্ট্রেলিয়া। কিন্তু ভারত নিশ্চয়ই গতবারের সিরিজ হারের কথা ভুলে যায়নি। এই সিরিজটা জিততে মরিয়া তারা। আমি মনে করি, অ্যারন ফিঞ্চরা ২-১ ম্যাচে জিতবে এই সিরিজ।’

যদিও পরিসংখ্যান বলছে, ভারতের মাটি থেকে টানা দুবার একই দল ওয়ানডে সিরিজ জিতে ফিরতে পারেনি। অবশ্য বিরাট কোহলি স্বীকার করেছেন, আগের দলের চেয়ে এবারের অজি দলটা বেশি শক্তিশালী। সেবার মারনাস লাবুশেন ছিলেন না। ছিলেন না স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নারও। এবার লাবুশেনের সঙ্গে তারাও আছেন। তবু ঘরের মাঠে ভারতকে আরেকবার হারানোর ক্ষেত্রে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। কারণ বিশ্ব ক্রিকেটের অন্যতম অলরাউন্ড দল নিয়ে আজ মাঠে নামবেন বিরাট কোহলি।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আজ। আরব সাগরের তীরঘেঁষা এই ভেন্যুতে রাতের শিশির বড় ভূমিকা নেবে। এ কথা মাথায় রেখেই সেখানে রাতের উইকেট দেখে ভেজা বলে অনুশীলন করেছে অস্ট্রেলিয়া। যদিও মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যাস্টন টার্নার মনে করেন, শিশির খুব বড় ফ্যাক্টর হবে না। অন্যদিকে ভারত অধিনায়ক বলেছেন, ‘শিশিরের জন্য সমস্যা হতে পারে, তবে দল হিসেবে আমরা ভালো খেলায় মনোযোগ দিচ্ছি।’ সব মিলিয়ে তুখোড় ক্রিকেটীয় লড়াইয়ের ইঙ্গিত মিলছে। কোহলি বলেছেন, ‘শেষবার আস্ট্রেলিয়ার যে দলটা সিরিজ জিতেছিল তাদের চেয়ে এই দল শক্তিশালী। তবে সবচেয়ে অভিজ্ঞ আর দক্ষ ক্রিকেটার দিয়ে দল সাজালেও তারা যদি একত্রিত হয়ে খেলতে না পারে তাহলে জেতা সম্ভব নয়। ওই সিরিজে (যেখানে ৩-২-এ সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া) সেটাই হয়েছিল। এরপর আমরা দল হিসেবে ভালো খেলে অস্ট্রেলিয়াতে সিরিজ জিতেছি। এই ব্যাপারগুলো এটাই প্রমাণ করছে যে এই দু’দলের সিরিজ দারুণ উত্তেজনাপূর্ণ হয়। কখনই একপেশে হয় না। দেখা যায় জয়ের ব্যবধান ৩-২ অথবা ২-১। তাই আমার মনে হয় সবগুলো ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’ কোহলি মনে করেন আইপিএল খেলতে খেলতে অস্ট্রেলিয়া এখন ভারতের পরিবেশের সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে।

একাদশ গড়া নিয়ে আজ মধুর সমস্যায় পড়বে ভারত। তাদের তিন ওপেনারই দারুণ ফর্মে আছেন। রোহিত শর্মা অটোমেটিক চয়েজ। কেএল রাহুল এবং শিখর ধাওয়ানকেও বাদ দিতে চান না কোহলি। প্রয়োজনে তিনি নিজে ব্যাটিং অর্ডারে নিচে নামতেও প্রস্তুত। ‘যেকেউ ভালো ফর্মে থাকা দলের জন্য দারুণ খবর। প্রথমে আমরা সেরা ক্রিকেটার বেছে নিয়ে দলের কম্বিনেশন ঠিক করব। দরকার হলে আমি নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় ব্যাটিং করব’ বলেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত