মহাসড়কে চা বিক্রেতার টুকরো টুকরো লাশ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০৩:১৫ এএম

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে এক ব্যবসায়ীর ছড়ানো ছিটানো টুকরো টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে মাধাইয়া ইউনিয়নের নাওতলা এলাকার প্রায় দেড় কিলোমিটার জায়গা থেকে মো. নাছির উদ্দিন (২৬) নামে ওই ব্যবসায়ীর মরদেহের টুকরোগুলো উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা নাছিরকে কুপিয়ে হত্যার পর লাশ কয়েকটি খণ্ড করে মহাসড়কে ফেলে রেখে যায়। পরে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে খণ্ডগুলো মহাসড়কের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে যায়।

নিহত নাছির উদ্দিন মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের রবিউল্লার ছেলে। নাওতলা মাদ্রাসার পাশে মহাসড়ক লাগোয়া একটি দোকানে চা ও পিঠা বিক্রি করতেন তিনি। পাশাপাশি নাওতলা সিনিয়র আলিম মাদ্রাসার পাশের বাচ্চু চেয়ারম্যান মার্কেটে বাবা রবিউল্লাহর পরিবর্তে মাঝেমধ্যে নৈশপ্রহরীর দায়িত্বও পালন করতেন নাছির। গত রবিবার রাতে ওই দোকানের ভেতরেই তাকে কুপিয়ে হত্যার পর দুর্বৃত্তরা লাশ মহাসড়কে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, অসুস্থবোধ করায় গত রবিবার রাতে নিহত নাছিরের বাবা নৈশপ্রহরী রবিউল্লাহ দায়িত্ব শেষ হওয়ার আগেই বাড়ি চলে যান। ভোরে এসে দেখেন দোকান খোলা, কিন্তু নাছির দোকানে নেই। ক্যাশবাক্সে টাকা পড়ে আছে। পরে দোকানের ভেতরে পিঠার পাতিল ও বেড়ায় রক্তের ছোপ দেখতে পেয়ে চিৎকার দেন রবিউল্লাহ। তার চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হয়ে মহাসড়কের প্রায় দেড় কিলোমিটার জায়গাজুড়ে নাছিরের লাশের ছিন্ন ভিন্ন অংশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের টুকরোগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত নাছিরের স্ত্রী ও এক মেয়ে রয়েছে।

নাছিরের বাবা রবিউল্লাহ বলেন, ‘কারও সঙ্গে আমাদের শত্রুতা ছিল না। কারা এই কাজ করল আমি জানি না। আমি ছেলে হত্যার বিচার চাই।’

চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল দেশ রূপান্তরকে বলেন, ‘নাছিরকে কুপিয়ে টুকরো টুকরো করে হত্যার পর খণ্ডিত মরদেহ মহাসড়কে ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। এরপর লাশের খণ্ডগুলো যানবাহনের চাকায় পিষ্ট হয়ে যায়। দোকানে রক্তের ছোপ পাওয়ায় মনে হচ্ছে দোকানেই তাকে হত্যার পর লাশ মহাসড়কে ফেলে দেওয়া হয়।’

কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘এটি একটি বীভৎস হত্যাকাণ্ড। কারা, কেন নাছিরকে হত্যা করল তা খতিয়ে দেখা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত