মন্ত্রী-এমপিদের প্রচার বন্ধে পরিপত্র চান ইসি মাহবুব

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০৩:১৭ এএম

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের (এমপি) প্রচারে অংশ নেওয়া নিষিদ্ধ করতে পরিপত্র জারির দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। গতকাল সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং ঢাকা উত্তর ও দক্ষিণের রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো ইউও (আন-অফিশিয়াল) নোটে এ দাবি করেন তিনি।

এর আগে নির্বাচনী প্রচার ও কার্যক্রমে সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন উল্লেখ করে গত ৯ জানুয়ারি দেওয়া ইউও নোটে উদ্বেগ প্রকাশ করেছিলেন ইসি মাহবুব। সে প্রসঙ্গ উল্লেখ করে গতকাল দেওয়া নোটে তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রমে সংসদ সদস্যদের অংশগ্রহণ নিয়ে আমি উদ্বেগ প্রকাশ করেছিলাম। মন্ত্রী ও সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ নিয়ে সেই উদ্বেগ বর্তমানে আরও ঘনীভূত হয়েছে। কারণ গত কয়েক দিনে বিধিমালা নিয়ে নানা প্রকার বিভ্রান্তি লক্ষ করা যাচ্ছে।’

ইসি মাহবুব বলেন, ‘বিদ্যমান আচরণবিধি অনুযায়ী নির্বাচন সম্পর্কিত যেকোনো কমিটিতে মন্ত্রী ও সংসদ সদস্যদের অংশগ্রহণের সুযোগ নেই। এই নির্বাচনী কার্যক্রম ঘরে বা বাইরে যেকোনো স্থানে হতে পারে। এ বিষয়ে আচরণ বিধিমালা ২০১৬-এর বিধান অত্যন্ত সুস্পষ্ট। দুঃখজনক যে, বিধিমালা যারা প্রণয়ন করেছেন তারাই এখন এর বিরোধিতা করছেন।’

নোটে মাহবুব তালুকদার বলেন, ‘আচরণ বিধিমালা নিয়ে যাতে বিভ্রান্তির অবকাশ না থাকে সে জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনাসহ একটি পরিপত্র জারি করা অত্যাবশ্যক। না হলে সিটি করপোরেশন নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।’ তিনি আরও বলেন, ‘আসন্ন ঢাকা সিটি নির্বাচনে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে পরিপালন নিশ্চিত করতে না পারলে নির্বাচন কমিশন আস্থার সংকটে পড়বে, যা কোনোভাবেই কাম্য নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত