দেশের স্বার্থে ইভিএম সাগরে ফেলে দিন : খসরু

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০৩:১৮ এএম

নির্বাচন কমিশনকে (ইসি) উদ্দেশ্য কোরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,  ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার স্বার্থে, দেশের গণতন্ত্রের স্বার্থে, দেশের মানুষের অধিকারের স্বার্থে দয়া করে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)গুলোকে বঙ্গোপসাগরে ফেলে দিন। এই জাতিটাকে এবার মাফ করে দেন আপনারা।

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইভিএম প্রসঙ্গে খসরু আরও বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে ২১ হাজার টাকা করে ইভিএম মেশিন কিনেছে,  সেই ইভিএম মেশিন আমাদের ইসি কিনেছে দুই লাখ ৩০ হাজার টাকা দামে। প্রায় ১১গুণ বেশি দাম দিয়ে কিনেছে। তাই আমি ইসিকে বলব এসব মেশিন ক্রয় করা হয়ে গেছে, দুর্নীতির টাকাও পকেটে ঢুকে গেছে। এখন আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের জনগণকে বাঁচান।

আমীর খসরু বলেন, ব্যালট বাক্সে প্রিসাইডিং কর্মকর্তার সই দিয়ে দিনের বেলা ভোট চুরি করা এতটা সহজ নয় সেটা আওয়ামী লীগ ৩০ তারিখের নির্বাচনে বুঝতে পেরেছিল। তাই ২৯ তারিখ রাতে ভোট ডাকাতি করেছিল। এজন্য সরকার জানে যে ব্যালটে সিল মেরে দিনের আলোতে ভোট চুরি করা কতটা কষ্টের। তাই তারা নতুন অধ্যায় চালু করেছে আর সেই অধ্যায় হলো ইভিএম অধ্যায়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্র্থী শেখ ফজলে নূর তাপস নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন অভিযোগ করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, একটু আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম তাপসের পক্ষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের তাকে অভ্যর্থনা জানানোর জন্য লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে জানা  গেছে আওয়ামী লীগের প্রার্থীকে সংবর্ধনা দেওয়ার জন্য তাদের স্কুল থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত