সচিবালয় এলাকায় হর্ন বাজানোয় ১০ জনকে জরিমানা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০৩:২১ এএম

সচিবালয়ের চারপাশের রাস্তায় হর্ন বাজানোর অপরাধে দুটি সরকারি জিপ ও তিনটি গাড়ির চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচ মোটরসাইকেল চালককেও জরিমানা করা হয়েছে। ১০ জনকে মোট ২৭০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদ হোসেন।

সচিবালয়ের চারপাশ অর্থাৎ পল্টন থেকে জিরো পয়েন্ট, শিক্ষা ভবনের সামনের রাস্তা এবং সচিবালয় লিঙ্ক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় হর্ন বাজানো নিষিদ্ধ করে সরকার। সচিবালয়ের চারপাশকে নীরব এলাকা হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় নীরব এলাকায় চলাচলের সময় যানবাহনে কোনো প্রকার হর্ন বাজানো নিষিদ্ধ। এ অপরাধে দোষী অনধিক ৬ মাস কারাদন্ড বা ১০ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত