আশুলিয়ায় নব্য জেএমবির আস্তানা নারী আটক

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০৩:২২ এএম

রাজধানীর সাভার আশুলিয়ার গোকুলনগরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে অভিযান চালিয়েছে পুলিশ। পরে সেখান থেকে শায়লা শারমিন (২০) নামে এক নারীকে আটক করা হয়। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোকুলনগরে সৌদি প্রবাসী আক্তার হোসেনের বাড়িতে এ অভিযান চালানো হয়।

পরে ঘটনাস্থলে রাত ৯টার দিকে ব্রিফিং করেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। তিনি জানান, বাড়ি থেকে শারমিনের স্বামী তানভীর আহমেদ পালিয়ে গেছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের ছাত্র। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ড্রোন, ল্যাপটপ ও জিহাদি বইপুস্তক জব্দ করা হয়। তিনি আরও জানান, মাস দেড়েক আগে তানভীর বাসাটি ভাড়া নেন। এর পর থেকেই সেখানে অনেক সন্দেহভাজনের যাতায়াত ছিল। সব বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তানভীরকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান মারুফ হোসেন।

এর আগে গতকাল সন্ধ্যা ৬টা থেকে দুই তলা ভবনের বাড়িটি ঘিরে রাখে আশুলিয়া থানা পুলিশ। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি টিম ঘটনাস্থলে যায়।

সিটিটিসির উপকমিশনার মো. সাইফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘বাড়িতে নব্য জেএমবির দুই সক্রিয় সদস্যের অবস্থান ছিল। এদের একজন নারী, আরেকজন পুরুষ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুরুষ সদস্য পালিয়ে গেছে। অন্যজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বাড়ি থেকে বেশকিছু আলামতও জব্দ করা হয়েছে।’

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) সাইদুর রহমান বলেন, ‘গোকুলনগরের বাড়িটির মালিক প্রবাসী আক্তার হোসেন। কিছুদিন আগে এটি ভাড়া দেন। বাড়িতে অনেক জঙ্গির যাতায়াতের তথ্য পেয়ে নজরদারি বাড়ানো হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত