চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ। নৌকা প্রতীকে তিনি মোট ভোট পেয়েছেন ৮৭ হাজার ২৪৬টি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবু সুফিয়ান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৯৩৫ ভোট।
সোমবার সারা দিন ভোটগ্রহণ শেষে রাতে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান।
চট্টগ্রামের এ উপনির্বাচনে ভোটারদের তেমন সাড়া পাওয়া যায়নি। ভোটারদের মধ্যে ২২ দশমিক ৯৪ শতাংশ ভোট দিয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বোয়ালখালী উপজেলা এবং নগরীর চান্দগাঁও ও বায়েজিদের কিছু অংশ নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৪৮৫ জন। এর মধ্যে দুই লাখ ৪১ হাজার ১৯৮ জন পুরুষ, দুই লাখ ৩৩ হাজার ২৮৭ জন নারী।
এর মধ্যে বোয়ালখালী উপজেলায় ভোটার সংখ্যা এক লাখ ৬৪ হাজার ১৩১, বাকি ভোটার চট্টগ্রাম মহানগরীর।
এই নির্বাচনে মোট ছয় প্রার্থী সম্মিলিতভাবে পেয়েছেন এক লাখ ৮ হাজার ৫৮১টি।
অন্য চার প্রার্থীর মধ্যে বিএনএফের এস এম আবুল কালাম আজাদ (টেলিভিশন) ১১৮৫ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ (চেয়ার) ৯৯২ ভোট, ন্যাপের বাপন দাশগুপ্ত (কুঁড়েঘর) ৬৫৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক (আপেল) ৫৬৭ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পরিপত্র অনুযায়ী নির্বাচনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত হবে। সেই হিসেবে এই চার প্রার্থীই জামানত হারাচ্ছেন।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় জাসদ একাংশের কার্যকরী সভাপতি মইনউদ্দীন খান বাদলের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল নির্বাচন হয়।
