বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে আজ সবকিছুতে অপরাজনীতি করা হচ্ছে। দেশের সব অবকাঠামোতেই দলীকরণ করা হয়েছে। যার কারণে আজ মানবসেবা কাজেও বাধা দেওয়া হয়। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন হাসপাতালে ঢাকা মেগাসিটি লায়ন্স ক্লাবের উদ্যোগে এবং বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন ও লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষুশিবির ২০১৯-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজকে আমাদের দেশে কেউ ভালো কাজ করতে গেলে বাধার সম্মুখীন হতে হয়। এর চেয়ে দুঃখের বিষয় আর হতে পারে না। কারণ এটা তো কোনো রাজনীতি না। যারা ভালো কাজে বাধা দেয় তারা অপরাজনীতি করে। এটা হচ্ছে গণবিরোধী রাজনীতি। জনগণের বিপক্ষের রাজনীতি।
ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, গরিব, অসহায় মানুষের চোখের চিকিৎসা করার জন্য চক্ষুশিবির কার্যক্রমে প্রথমে কোনো রাজনৈতিক দলের বাধা না পেলেও এখন ক্ষমতাসীনদের প্রবল রোষানলে পড়তে হচ্ছে। ওই দলের বাধার কারণে চক্ষুশিবিরের জন্য কোনো স্কুলের সহযোগিতা পাওয়া যাচ্ছে না।
