পূজা ও নির্বাচন দুটোকেই পবিত্র কাজ উল্লেখ করে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর হোসেন বলেছেন, নির্বাচন ও পূজা একসঙ্গে হবে, এটি সাংঘর্ষিক হবে না। সরস্বতী পূজার কারণে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তন চেয়ে করা রিট আবেদন গতকাল মঙ্গলবার হাইকোর্টে খারিজ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটগ্রহণের দিন রেখে গত ২২ ডিসেম্বর তফসিল ঘোষণা করে ইসি। এরপরই একই দিন সরস্বতী পূজার কারণে ভোট পেছানোর দাবি ওঠে। ভোট পেছানোর নির্দেশনা চেয়ে এক আইনজীবীর করা রিট গতকাল হাইকোর্ট খারিজ করে দেয়।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনী আইন, সরস্বতী পূজা, এসএসসি পরীক্ষাসহ সব বিবেচনায় নিয়ে সর্বোত্তম দিন হিসেবে ৩০ জানুয়ারি ঠিক করা হয়েছিল। হিন্দু সম্প্রদায়ের নেতাদের আবেদন ছিল ভোটের তারিখ পরিবর্তনের। কমিশনও তাদের সঙ্গে বসেছিল, তাদের কথা শুনেছে। কী কারণে ভোটের তারিখ ৩০ জানুয়ারি করা হয়েছে তাও বলেছেন। আর তারা আদালতে যে রিট করেছিল, আদালত সব পক্ষের কথা শুনে রিট খারিজ করেছে।’
ভোট ও পূজা একসঙ্গে হলে অনাকাক্সিক্ষত পরিস্থিতি হতে পারে কি না এ প্রশ্নের জবাবে আলমগীর হোসেন বলেন, ‘নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সব বিবেচনা করেই নিয়েছে। তারাও (হিন্দু সম্প্রদায়) জানেন আমাদের দেশের আইনকানুন মেনে চলতে হয়। ঢাকায় নির্বাচন জমে উঠেছে, সেখানে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটবে সেটা মনে করি না। তারা যেহেতু আদালতে গেছে, তাই আদালত যে নির্দেশনা দিয়েছে সেটা তারা মেনে নেবে বলে আশা করি। বৃহত্তর স্বার্থেই সুন্দর দিনে ভোটের তারিখ বেছে নেওয়া হয়েছে।’
ভোটের কারণে পূজার আয়োজনে কোনো সমস্যা হবে কি না এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘কমিশন বলেছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পূজা ও ভোট একসঙ্গে হবে, সেখানে আলাদা জায়গা রাখা হবে। পূজার জন্য জায়গা ছেড়ে দিয়েই বাকি জায়গায় নির্বাচনের ব্যবস্থা করা হবে। নির্বাচন মানেই এমন নয় যে মারামারি হবেই বলে পূজা করা যাবে না। নির্বাচন ও পূজা পবিত্র কাজ। সুতরাং কোনো সমস্যা হওয়ার কথা না।’
পূজার সময় রংপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণে কোনো সমস্যা হয়নি উল্লেখ করে আলমগীর হোসেন আরও বলেন, ‘আদালতের রায়ে তারা শ্রদ্ধা জানাবে বলে আশা করছি। গণমাধ্যমে শুনলাম তারা আপিল করতে পারেন, আপিলে কী আসে সেজন্য অপেক্ষা করতে পারেন। তবে পূজা এবং নির্বাচন একসঙ্গে হতে পারে। রংপুরের ভোটের সময় পরিবর্তনের বিষয়েও তারা এসেছিলেন, অনেকবার কথা বলেছেন। তখন তাদের বুঝানো হয়েছে। তাদের পূজায় যেন সমস্যা না হয় সে অনুযায়ী সব ব্যবস্থা করা হবে।’
