নরসিংদীতে ইয়াসিন মিয়া (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে পৌর শহরের ইনডেক্স প্লাজার সামনে এই ঘটনা ঘটে। রাতেই শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
নিহত ইয়াসিন মিয়া শহরের পশ্চিম দত্তপাড়ার এলাকার মিলন মিয়ার ছেলে।
আটকরা হলেন- আড়াই হাজারের আবদুল্লাহপুর এলাকার জহুর আলমের ছেলে মারুফ আল হোসাইন ওরফে মোটা ফারুখ (২১), মনোহরদী একদুয়ারিয়ার গিয়াস উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন আদনান (২১), সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকার মোর্শেদ আলমের ছেলে মারুফ ওরফে ভাগিনা মারুফ (২০), পৌর শহরের বানিয়াছল এলাকার গাজী আসাদের ছেলে শোয়েব (৩৫)।
গোয়েন্দা পুলিশ জানায়, নিহতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আসামিরা। ঘটনার নয় মাস পূর্বে মারুফ আল হোসাইন ওরফে মোটা ফারুখ তাদের বন্ধু আলিফকে ৫০০০ টাকা ধার দেন। পরবর্তীতে আলিফ টাকা শোধ করতে না পেরে তার ডিএসএলআর ক্যামেরাটি ভাগিনা মারুফের কাছে বন্ধক দেয়।
এই ক্যামেরা নিয়ে তাদের মধ্যে গত সোমবার ঝগড়া হয়। এ সময় ইয়াসিন ও আলিফের বন্ধুরা ভাগিনা মারুফ ও দেলোয়ারকে মারধর করেন। এরই জের ধরে মঙ্গলবার দিবাগত রাতে দেলোয়ার ও ভাগিনা মারুফের পরামর্শে মোটা ফারুখ ইয়াসিনকে কুপিয়ে হত্যা করেন।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার বলেন, নিহতের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
আসামিরা প্রত্যেকেই এ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এসআই।
