বাস, জলাবদ্ধতা সমস্যার সমাধান দেবেন আতিক

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০৪:৩০ পিএম

ঢাকার বাস ও জলাবদ্ধতা সমস্যার সমাধান দেবেন উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম।

তিনিবলেছেন, ‘আমরা একটি পরিকল্পিত শহর গড়ে তুলতে চাই। এ জন্য ঘরে ঘরে উন্নয়নের মার্কা নৌকা পৌঁছে দিতে হবে। ঢাকাকে যানজটমুক্ত করার উদ্যোগ নেব।’

বুধবার এক নির্বাচনী সমাবেশে এ প্রতিশ্রুতি দেন আতিকুল। 

রাজধানীর ফার্মগেটের আল-রাজী হাসপাতালের সামনের খালি জায়গায় এ সমাবেশ হয়। মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম ও দলীয় নেতা-কর্মীরা এখান থেকেই শুরু করেন। এরপর ঢাকা ১২ আসনের অন্তর্ভুক্ত ২৩, ২৪, ২৫ নম্বর ওয়ার্ডের হলিক্রস স্কুল গলি, ছাপড়া মসজিদ, তেজকুনিপাড়া, লুকাসের মোড়, রেলগেট, নাবিস্কো, বেগুনবাড়ি ও তেজগাঁও এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন আতিকুল।

সমাবেশে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, ‘বাসমালিকদের সঙ্গে বসে বাসের রুট ঠিক করার কাজ করব। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আপনাদের নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে সুন্দর ঢাকা শহর গড়ে তুলব।’

আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরের জলাবদ্ধতা আমাদের আরেকটি চ্যালেঞ্জ। জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি। আশা করছি, পর্যায়ক্রমে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন করতে পারব। গত নয় মাসে অভিজ্ঞতা অর্জন করেছি। এই কঠোর অনুশীলনের পর ভবিষ্যতে তা ভালোভাবে প্রয়োগ করতে পারব।’

ফার্মগেট-কুনিপাড়া এলাকার এই প্রচার সমাবেশে অংশ নেন অভিনেতা রিয়াজ, অভিনেত্রী বাঁধন, টেনিস তারকা জোবেরা রহমান নিলু, সাবেক মন্ত্রী তারানা হালিম, ফুটবলার কায়সার হামিদসহ আরও কয়েকজন সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত