‘আকবর’ সিনেমার মহরতে মেয়রপ্রার্থী আতিক

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০৮:৪৫ পিএম

সৈকত নাসির পরিচালিত ‘আকবর’ সিনেমা’র নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে শিগগিরই। এ উপলক্ষে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব ভিআইপি প্রজেকশন হলে একটি অনুষ্ঠানের আয়োজন করে প্রযোজনা সংস্থা সিনেহল।

‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সাবটাইটেলে নির্মিত হতে যাওয়া এই সিনেমার মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের সাবেক মেয়র ও বর্তমানের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম, চিত্রনায়িকা রোজিনা, মনোয়ার হোসেন ডিপজল, রুবেল, চিত্রনায়ক জায়েদ খান, ‘আকবর’ সিনেমার নায়ক ইমন, নায়িকা ববি ও পরিচালক সৈকত নাসির-সহ কলাকুশলীরা।

এদিকে সিনেমার অনুষ্ঠানে এসে অতিথির বক্তৃতায় আতিকুল ইসলাম বলেন, ‘সিনেমা নির্মাণ করতে হবে জনসচেতনতামূলক। প্রতিটি সিনেমায় যাতে একটা বার্তা থাকে। আজকে শহর থেকে মাদক নির্মূল করতে হলে, যুবকদের মাদকের হাত থেকে বাঁচাতে হলে জনসচেতনতামূলক সিনেমা নির্মাণ করতে হবে। আমি যদি আবারও মেয়র নির্বাচিত হতে পারি তাহলে প্রয়োজনে জনসচেতনতামূলক সিনেমা বানাব।’

আতিক শিল্পীদের আশ্বাস দিয়ে আরও বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হলে উত্তর সিটি করপোরেশন সব সময় শিল্পীদের পাশে থাকবে।’

উল্লেখ্য, নায়ক ইমন ও চিত্রনায়িকা ববিকে কেন্দ্র করে সৈকত নাসির নির্মাণ করছেন ‘আকবর-ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। এই সিনেমায় উঠে আসবে ঢাকার গ্যাং কালচারের অন্ধকার দিকের গল্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত