শেষ প্রস্তুতি ম্যাচে হতাশ করল যুবারা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০৮:৫৯ পিএম

দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি মাত্র দুদিন। তার আগে বুধবার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাই করলেও এ ম্যাচে বাজেভাবে হেরেছে বাংলাদেশের যুবারা।

ব্যাটিং ব্যর্থতায় এদিন বাংলাদেশের যুবাদের হার ৪ উইকেটে।

জোহানেসবার্গে টস হেরে আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে আকবর আলীর দল। মাত্র ২৩ রান যোগ করতেই হারিয়ে ফেলে টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে। যে ধাক্কা সামাল দিতে পারেনি পরের ব্যাটসম্যানরা।

তৌহিদ হৃদয়ের ৩৬, অধিনায়ক আকবর আলীর ২৩ ও শামিম হোসেনের ২০ রানে ভর করে ২৯ ওভারে ১১২ রান করতে পারে বাংলাদেশ।

কিউই যুবাদের পক্ষে সর্বাধিক ৪ উইকেট নেন জোয় ফিল্ড। ৩ উইকেট নিয়েছেন আদিত্য অশোক।

জবাবে ২৯.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ডের যুবারা। যদিও অল্প পুঁজিতেও তানজিদ হাসান, রকিবুল হাসানরা বোলিংয়ে নিজেদের ছাপ রাখতে পেরেছেন।

৬৩ রানে কিউই যুবাদের ৬ উইকেট ফেলে দেয় বাংলাদেশ। ৪৮ থেকে ৬৩- এই ১৫ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় কিউই যুবারা। কিন্তু স্কোর বোর্ডে পুঁজি কম হওয়ায় শেষ হাসি হাসা হয়নি বাংলাদেশের।

নিউজিল্যান্ড যুব দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৪১ রান করেন অধিনায়ক জেসি তাশকফ। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন রাইস মারিও।

বাংলাদেশের যুবাদের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন তানজিদ। ২ উইকেট শিকার করেন রাকিবুল। এ ছাড়া শরিফুল নেন ১ উইকেট।

শনিবার জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করবে আকবর-হৃদয়রা। ‘সি’ গ্রুপে বাংলাদেশের যুবাদের অপর দুই সঙ্গী- পাকিস্তান ও স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত