এক ঝলকে

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১২:০০ এএম

সুচরিতার সঙ্গে নির্মাতার অসদাচরণ!

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী চিত্রনায়িকা সুচরিতার সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে নির্মাতা রফিক শিকদারের বিরুদ্ধে। সিনিয়র শিল্পীর সঙ্গে অনাকাক্সিক্ষত ঘটনার দায়ে প্রাথমিকভাবে এই নির্মাতাকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে শিল্পী সমিতি। দেশ রূপান্তরকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, ‘আমাদের সিনিয়র অভিনেত্রী সুচরিতা আপাকে লাঞ্ছিত করেছেন রফিক শিকদার। এর আগেও এই নির্মাতার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। কিন্তু এবারই আমরা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। সেই পরিপ্রেক্ষিতে শিল্পী সমিতির সদস্য যারা আছেন, সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে তার ছবির শ্যুটিং কিংবা ডাবিংয়ে যেন কেউ অংশ না নেন। যেহেতু রফিক শিকদার পরিচালক সমিতির একজন সদস্য, তাই তার বিরুদ্ধে আমরা পরিচালক সমিতির কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়েছি, এখন বাকিটা পরিচালক সমিতি দেখবে।’ রফিক শিকদারের বিরুদ্ধে অভিযোগ, গত সোমবার পাবনার শাহজাদপুরে ‘বসন্ত বিকেল’ ছবির শ্যুটিং স্পটে অভিনেত্রী সুচরিতাকে সারা দিন বসিয়ে রাখেন। বিকেলে রফিক শিকদারের কাছে বসিয়ে রাখার কারণ জানতে চান এ অভিনেত্রী। এ সময় নির্মাতা উত্তেজিত হয়ে পড়েন। দুজনের বাগ্বিতণ্ডার একপর্যায়ে সুচরিতাকে মারতে উদ্ধত হন নির্মাতা। এ অবস্থার পর শ্যুটিং স্পট ছেড়ে সোজা ঢাকায় চলে আসেন সুচরিতা। শিল্পী সমিতির বয়কটের সিদ্ধান্তকে গায়ে মাখছেন না নির্মাতা। জানালেন, এমন সিদ্ধান্তে তো ক্ষতিগ্রস্ত হবে একজন প্রযোজক। তিনি নিশ্চয় চাইবেন না তার ছবিটি লোকসান করুক। আমরা প্রযোজক সমিতিকেও বিষয়টি জানিয়েছি। বৃহস্পতিবার (আজ) এ বিষয়ে সিদ্ধান্ত হবে। রফিক শিকদার জানালেন, এমন সিদ্ধান্তে তো ক্ষতিগ্রস্ত হবে একজন প্রযোজক। তিনি নিশ্চয় চাইবেন না তার ছবিটি লোকসান করুক। আমরা প্রযোজক সমিতিকেও বিষয়টি জানিয়েছি। আজ এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

ছায়ানটের শাস্ত্রীয় নৃত্য উৎসব

প্রতি বছরের মতো এবারও ছায়ানটের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নৃত্য উৎসব ১৪২৬’। আগামীকাল ছায়ানট মিলনায়তনে বসবে এ আসর। উৎসবে কত্থক, ভরতনাট্যম, ওড়িশি, মণিপুরী ও গৌড়ীয় নাচ প্রদর্শিত হবে। অনেক নৃত্যশিল্পী পারফর্ম করলেও বিশেষ আকর্ষণ থাকবে জনপ্রিয় দুই মণিপুরী নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব, সামিনা হোসেন প্রেমা ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা কত্থক নৃত্যশিল্পী মোহাম্মদ মাসুম হুসাইনের নাচ। ওয়ার্দা তার দল ধৃতি নর্তনালয় নিয়ে মণিপুরী নাচ করলেও প্রেমা আর মাসুম একক মণিপুরী ও কত্থক নৃত্য পরিবেশন করবেন। এছাড়া মণিপুরী নাচে অংশ নেবে ছায়ানট, অ্যাকাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টস, তামান্না রহমানের নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র ও বাবরুল আলম চৌধুরী। ওড়িশি পরিবেশন করবে নৃত্যছন্দ। গৌড়ীয় পরিবেশন করবেন র‌্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস। ভরতনাট্যম করবে ছায়ানট, রুবাশা খান, অর্ন কমলিকা, অমিত চৌধুরী, অর্থী আহমেদ ও আনিসুল ইসলাম হিরুর দল সৃষ্টি কালচারাল সেন্টার। কত্থক নাচ করবে মুনমুন আহমেদের রেওয়াজ পারফরমার্স স্কুল ও সাজু আহমেদের কত্থক নৃত্য সম্প্রদায়। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

কানের জুরি সভাপতি নির্মাতা স্পাইক লি

মে মাসে বসবে ৭৩তম কান চলচ্চিত্র উৎসবের আসর। এবারের আসরে জুরি বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আমেরিকান পরিচালক, ও অভিনেতা স্পাইক লি। এই প্রথম কৃষ্ণাঙ্গ কোনো পরিচালক কানে বিচারকদের সভাপতি হলেন। স্পাইক লি কোন ছবি স্বর্ণ পাম জিতবে তা নির্ধারণ করবেন এবং বিজয়ীর হাতে পুরস্কারও তুলে দেবেন। জুরি বোর্ডের অন্য সদস্যদের নাম ঘোষণা করা হবে আগামী এপ্রিলে। ৭৩তম কান চলচ্চিত্র উৎসবের আসর বসবে ১২ মে। পর্দা নামবে ২৩ মে।

ঢাকা চলচ্চিত্র উৎসবে আজ ‘মায়া’

গত ১১ জানুয়ারি পর্দা উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৮তম আসরের। শুরুর দিন থেকেই বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রের সঙ্গে ‘বাংলাদেশ প্যানরোমা’ বিভাগে দেখানো হচ্ছে বাংলাদেশের সিনেমা। আজ সন্ধ্যা ৭টায় শাহবাগের পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে দেখানো হবে ‘মায়া : দ্য লস্ট মাদার’। এটি ২০১৯ সালের শেষ ছবি হিসেবে গত ২৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। মাসুদ পথিকের পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত এ সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির অভিনয় প্রশংসিত হয়েছে। প্রদর্শনীতে নির্মাতা মাসুদ পথিকসহ উপস্থিত থাকবেন ছবির কলাকুশলীরাও। এতে আরও অভিনয় করেছেন মুমতাজ সরকার (কলকাতা), প্রাণ রায়, দেবাশীষ কায়সার,  সৈয়দ হাসান ইমাম ও ঝুনা চৌধুরী।

‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’তে নতুন আলিয়া

গতকাল বুধবার সকালে  সামনে এলো সঞ্জয়লীলা বানসালি পরিচালিত নতুন ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’র পোস্টার। আলিয়ার ‘ফার্স্ট লুক’ শেয়ার করে বানসালি প্রোডাকশনস। প্রথম পোস্টারে আলিয়ার গাঙ্গুবাইরূপী তরুণ বয়সের ছবি দেখা গেছে। সেখানে তাকে দুর্বল দেখালেও দৃষ্টিতে গভীরতা। নীল ব্লাউজ ও লাল স্কার্ট পরিহিত আলিয়ার চুলে বেণী করা। দ্বিতীয় পোস্টারে আলিয়াকে মাফিয়া রানীর মতো দেখা যাচ্ছে। তার সাজসজ্জা, চাহনি জানিয়ে দিচ্ছে তিনি শাসন করতে এসেছেন। এ ছবিতে গত শতকের ষাটের দশকের কামাথিপুরা যৌনপল্লীর প্রভাবশালী ‘ম্যাডাম’-এর ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাটকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত