সমতা থেকে আবার শুরু লড়াই

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১২:২০ এএম

সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট ১০৭ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর কেপটাউনে ১৮৯ রানে জিতে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। যদি মনে করেন দ্বিতীয় টেস্টে অসহায়ভাবে হেরেছে প্রোটিয়ারা, তাহলে ভুল ভাবছেন। দ্বিতীয় টেস্টে দারুণ লড়াই হয়েছিল। পঞ্চম দিন শেষ সেশনে জিতে সিরিজ সমতায় ফেরে ইংল্যান্ড। টেস্ট ড্রও হতে পারত। হয়নি জিমি অ্যান্ডারসনের কারণে। সফরকারীদের জন্য খারাপ খবর হলো আজ থেকে শুরু হওয়া পোর্ট এলিজাবেথ টেস্টে ইনজুরির কারণে তিনি খেলতে পারবেন না।

ইংল্যান্ডের জন্য আরও সমস্যা আছে। জোফরা আর্চার এবং মার্ক উড খেলতে পারবেন কি না তা এখনো নিশ্চিত নয়। শেষ মুহূর্তের ফিটনেস পরীক্ষায় উতরাতে পারলে তাদের দলে রাখা হবে বলে জানিয়েছেন অধিনায়ক জো রুট, ‘এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজ (বুধবার) অনুশীলনের পর আমরা পরিষ্কারভাবে বুঝতে পারব।’ আর্চারের প্রশংসাও করেছেন রুট, ‘তার বয়স মাত্র ২৪। মাত্রই টেস্ট ক্যারিয়ার শুরু করেছে। সে কী করতে পারে তা ইতিমধ্যে আমরা জেনে গেছি।’ পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কের উইকেটে রিভার্স সুইং ফ্যাক্টর হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত