গানে-মিছিলে শরিয়ত বয়াতির মুক্তি দাবি

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০২:৪৫ এএম

শরিয়ত বয়াতিকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ অব্যাহত রেখেছে সংস্কৃতিকর্মীরা। গতকাল বুধবার রাজধানীর শাহবাগে প্রতিবাদী বাউল গানের আসর আয়োজন করে উদীচী শিল্পী গোষ্ঠী। অন্যদিকে সন্ধ্যায় দ্বিতীয় দিনের মতো প্রতিবাদ সমাবেশ করেছে নাট্যসংগঠন ‘বাতিঘর’। এছাড়া সিলেটের ক্বীন ব্রিজ এলাকায় বুধবার বিকেলে গানের মিছিল করেছে স্থানীয় সংগঠন ‘নগরনাট’।

শাহবাগে বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া বাউল গানের আসরে বক্তৃতা ও গানের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। শরিয়ত বয়াতিকে গ্রেপ্তার, হয়রানির প্রতিবাদ, তার নিঃশর্ত মুক্তি এবং তাকে হয়রানির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আসরের শুরুতে বাউল গান পরিবেশন করেন বাউল শাহ আলম সরকার। এরপর একে একে গান পরিবেশন করেন অবিনাশ বাউল, সাজেদা বেগম সাজু, সুরাইয়া আক্তার ঊর্মি, হামিদুল ইসলাম হিল্লোল, দেবাশীষ প্রমুখ। গানের ফাঁকে আলোচনা করেন উদীচী এবং অন্যান্য সমমনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, ‘যে আসর থেকে শরিয়ত বয়াতিকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে তিনি ধর্ম অবমাননা করার মতো কোনো বক্তব্য রাখেননি। বরং যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, যারা ধর্মের অপব্যাখ্যা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, যারা তরুণ প্রজন্মকে ধর্মের ভুল ব্যাখ্যার মাধ্যমে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে উদ্বুদ্ধ করছে তাদের বিরুদ্ধে কড়া ভাষায় কথা বলেছেন। তাদের মুখোশ উন্মোচন করার চেষ্টা করেছেন শরিয়ত বয়াতি। আর এজন্যই ওই গোষ্ঠীটি তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালাকানুনকে ব্যবহার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আর প্রশাসন ও পুলিশও কোনো ধরনের যুক্তিতর্কের ধার না ধেরে শরিয়ত বয়াতিকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে। সরকার বাউল শিল্পীদের রক্ষা ও পৃষ্ঠপোষকতা না করে বরং তাদের ওপর নির্যাতনের পথ বেছে নিয়েছে। এর পরিণতি হবে ভয়াবহ।’

অবিলম্বে শরিয়ত বয়াতিকে সসম্মানে মুক্তি দেওয়া না হলে শুক্রবার সারা দেশের সব জেলায় উদীচী’র উদ্যোগে প্রতিবাদী বাউল গানের আসর কর্মসূচিও ঘোষণা করা হয়।

এদিকে জাতীয় নাট্যশালার সামনে বুধবার সন্ধ্যায় বাতিঘরের প্রতিবাদ সমাবেশে অংশ নেন বিভিন্ন নাট্য সংগঠনের কর্মীরা। এসময় শরিয়ত বয়াতিকে মুক্তির দাবি জানানো হয়।

সিলেটে গানে গানে প্রতিবাদী মিছিল করে নগরনাট শরিয়ত বয়াতির মুক্তির দাবি জানিয়েছে। গান মিছিলটি নগরের চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গান মিছিলে অংশ নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সংস্কৃতিকর্মী নিরঞ্জন দে যাদু, আশরাফুল কবীর, দেবাশীষ দেবু, রাজীব রাসেল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত