সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাব্বির হোসেন (২৪) নামে এক ট্রাফিক পুলিশের সদস্য গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাব্বিরের বাড়ি গাজীপুর এলাকায়। সে সাভার ট্রাফিক অফিসে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে কাজ করছিলেন ট্রাফিক পুলিশের সদস্য সাব্বির। এসময় বাসস্ট্যান্ড এলাকায় বাসের এক যাত্রীর মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল এক ছিনতাইকারী। পরে ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশের সদস্য সাব্বির ওই ছিনতাকারী ধরার জন্য তার পিছু নেয়। এসময় ওই ছিনতাইকারী ট্রাফিক পুলিশের সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্সপেক্টর মিডিয়া শাকের মোহাম্মদ জুবায়ের বলেন, ছিনতাইকারীকে ধরতে গেলে ট্রাফিক পুলিশের সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
