নারী ফুটবল লিগ সামনে রেখে শক্তিশালী দল গড়েছে বসুন্ধরা কিংস। এরই মধ্যে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তারের মতো তারকা ফুটবলাররা যোগ দিয়েছেন ক্লাবটিতে। শিরোপায় চোখ রেখে শুরু করেছেন অনুশীলনও।
সব ঠিক থাকলে ৬ দল নিয়ে ৩১ জানুয়ারি মাঠে গড়াবে নারী ফুটবল লিগ। প্রিমিয়ার লিগের দলগুলোর মধ্যে মাত্র দুটি দল অংশ গ্রহণ নিশ্চিত করেছে। বসুন্ধরা কিংস ছাড়া প্রিমিয়ার লিগের অন্য দল- শেখ রাসেল ক্রীড়াচক্র।
এ ছাড়া অন্য চার ক্লাব- নাসরিন স্পোর্টস একাডেমি, এফসি উত্তরবঙ্গ, ওয়ালটন স্পোর্টস ক্লাব ও বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব।
লিগ সামনে রেখে এরই মধ্যে মোট ২১ ফুটবলারদের সঙ্গে চুক্তির কথা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।
সাবিনা, কৃষ্ণা, সানজিদা ছাড়াও জাতীয় দলের তারকাদের মধ্যে সেই তালিকায় রয়েছেন মিসরাত জাহান মৌসুমী, মাসুরা পারভীন, শিউলি আজিম, আঁখি খাতুনের মতো তারকা।
খেলোয়াড়দের সঙ্গে চুক্তি হলেও এখনো দল বদলের আনুষ্ঠানিকতা হয়নি। শিঘ্রই বাফুফেতে গিয়ে দলবদল করা হবে বলে জানিয়েছেন ইমরুল হাসান।
২০১৩ সালের পর এবারই প্রথম মাঠ গড়াবে মেয়েদের ফুটবল লিগ।
