ডিজিটাল মেলা উদ্বোধন

তৈরি পোশাক খাতের আয়কে ছাড়িয়ে যাবে আইসিটি রপ্তানি : জয়

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ০৩:১৫ এএম

খুব শিগগিরই দেশের তথ্য প্রযুক্তি (আইসিটি) খাতের রপ্তানি তৈরি পোশাক (আরএমজি) খাতের আয়ের পরিমাণকে ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জয় বলেন, ‘আজকের অফিশিয়াল রেকর্ড হচ্ছে বাংলাদেশের আইটি রপ্তানি ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, আমার বিশ্বাস খুব অল্প সময়ের মধ্যেই প্রযুক্তি রপ্তানির মাধ্যমে আমরা আমাদের তৈরি পোশাক রপ্তানি অতিক্রম করব।’

অধিকাংশ আইটি সেবা ইন্টারনেট ভিত্তিক এবং ইন্টারনেটের মাধ্যমেই এ খাতে রপ্তানি হচ্ছে, তাই প্রকৃতপক্ষে কী পরিমাণ রপ্তানি হচ্ছে তা জানা সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমাদের বিশ্বাস আইটি খাত থেকে ইন্টারনেটের মাধ্যমে অন্তত আরও ১০০ থেকে ২০০ কোটি মার্কিন ডলার রপ্তানি হচ্ছে, কিন্তু তা জানা যাচ্ছে না। বাংলাদেশ হার্ডওয়্যার রপ্তানি করছে এর সঙ্গে যুক্ত হয়েছে মোবাইল ফোন, টেলিভিশন ও স্মার্ট ডিভাইস এবং “এই রপ্তানি অত্যন্ত দ্রুত ও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে”। অতএব আইসিটি খাত যে গার্মেন্টস শিল্পকে ধরার পথে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে এতে তারই প্রতিফলন ঘটছে। যেখানে এক দশক আগেও বাংলাদেশ সব ধরনের মোবাইল ফোন আমদানি করত সেখানে এ খাতের অগ্রগতি কল্পনাও করা যায় না। এক সময় “আমরা নিয়মিত প্রতি বছর তিন কোটি মোবাইল ফোন আমদানি করতাম। আর এখন বাংলাদেশে দুই কোটি মোবাইল উৎপন্ন হয়”।’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান একেএম রহমতউল্লাহ, ডাক ও টেলিযোগাযোগ সচিব নূর-উর রহমান এবং হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝাং ঝেংজুন।

মেলায় আইএসপিএস, ব্রন্ডব্যান্ড ইন্টারনেট, ট্রিপল প্লে টেকনোলজিসহ মোট ৮২টি ফার্ম মোবাইল অ্যাপস, প্যারেন্টাল কন্ট্রোল এবং অন্যান্য প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। মেলায় প্রায় ২৫টি স্টল, ২৯টি মিনি প্যাভিলিয়ন এবং ২৮টি প্যাভিলিয়নে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং ডিপার্টমেন্ট ডিজিটালাইজেশনের ক্ষেত্রে তাদের অগ্রগতি প্রদর্শন করছে।

মেলায় পাশাপাশি বঙ্গবন্ধুর জন্য একটি পৃথক কর্নার রয়েছে। এতে ডিজিটালের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম তুলে ধরা হয়েছে। বাসস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত