চলন্ত বাস থেকে যাত্রীকে ধাক্কা চাকায় পিষ্ট দু’পা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ০৩:১২ এএম

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় চলন্ত বাস থেকে এক যাত্রীকে মারধর করে ফেলে দেওয়া হয়েছে। এতে শরিফুল ইসলাম (২৮) নামে ওই যুবকের দুই পা বাসটির পেছনের চাকায় পিষ্ট হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে কারওয়ান বাজারের বিএসিসি ভবনের সামনে ৮ নম্বর পরিবহনের একটি চলন্ত বাস থেকে তাকে ফেলে দেওয়া হয়।

আহত শরিফুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাসচালক ও কন্ডাক্টরকে আটক করেছে পুলিশ।

বাসযাত্রী নেওয়াজ শরীফ দেশ রূপান্তরকে বলেন, ‘বাসের দরজার সামনে যাত্রী শরিফুলের সঙ্গে কন্ডাক্টরের তর্কাতর্কি হচ্ছিল। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি বাধার উপক্রম হয়। এরপরই ওই যাত্রীকে পড়ে যেতে দেখি। বাস থেকে পড়ে যাওয়ার পর ওই যাত্রীর দুই পা বাসের পেছনের চাকার নিচে চাপা পড়ে।’

নেওয়াজ শরীফ জানান, শরিফুল পড়ে যাওয়ার পর বাসের যাত্রীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে। 

আহত বাসযাত্রী শরিফুল জানান, শ্যামলী থেকে তিনি ওই বাসে ওঠেন। বাসটি কারওয়ান বাজার পৌঁছালে তিনি সেখানে নামতে চান। তবে বাসটি কিছুতেই গতি কমাচ্ছিল না। পরে দরজার সামনে তর্কাতর্কি হয় কন্ডাক্টরের সঙ্গে। একপর্যায়ে কন্ডাক্টর তাকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয় বলে অভিযোগ করেন তিনি।

শাহবাগ থানার এসআই কামাল উদ্দিন মুনশি দেশ রূপান্তরকে বলেন, ‘দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করা হয়। চালক পারভেজ ও অভিযুক্ত কন্ডাক্টর আরিফকে (২১) আটক করা হয়েছে। আহত যাত্রীকে ঢামেক হাসপাতালে নিয়ে তার পায়ে এক্স-রে করা হয়েছে। তার পা কাটা পড়বে না বলে আশা করা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত