মুশফিকুর রহিম পাকিস্তান সফরে যেতে চাচ্ছেন না বলে বেশ কিছুদিন আগেই খবর ছাপিয়েছে সংবাদমাধ্যমে। বাংলাদেশ দলের তারকা এই পারফর্মার এবার নিজের মুখে বললেন, এই সফরে যাবেন না তিনি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বিপিএল’র ফাইনালে রাজশাহী রয়্যালসের কাছে ২১ হারে হারের পর সংবাদ সম্মেলনে পাকিস্তান সফর প্রসঙ্গেও কথা বলেন মুশফিক।
পরিষ্কার জানিয়ে দিলেন পাকিস্তান সফরে যাচ্ছেন না মুশফিক। কেন যাচ্ছেন না, সেই কারণটা খোলাখুলি বললেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্তে অটল আছেন কি-না, এমন প্রশ্নের জবাবে শুরুতে মুশফিকের পালটা প্রশ্ন- “কেন সিদ্ধান্ত পরিবর্তন হওয়া কী আছে? আমি তো আগেই বলেছি যে পাকিস্তানে যাব না।”
“এটা অনেক আমি অনেক ঠিক রেখেই রেখেছি এবং সেটা আগেই জানিয়েছি বোর্ডকে। সেটা তারা মেনে নিয়েছে। আমি অনুষ্ঠানিক চিঠি দিয়েছি।”
মুশফিক পরিষ্কার করে বলেছেন, পাকিস্তানে বাংলাদেশ দলের তিন দফার সফরে কোনোটিতেই যাওয়ার ইচ্ছা নেই তার। কারণটা পরে আবার জানতে চাওয়া হলে কিছুটা বিরক্তিও প্রকাশ করলেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
“অন্য কী কারণ হতে পারে? আপনি না জানলে কী করার আছে? এটা যে পারিবারিক কারণ সেটা তারা বললেনই। আমি তো আগেই বলেছি, পরিবার শঙ্কিত। তারা চাচ্ছে না আমি যাই। সেটা আমি আগেই বলেছি।”
মুশফিক স্বীকার করলেন, এই সিরিজটা মিস দিতে গিয়ে তার নিজের কাছেই খারাপ লাগছে। তবে একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন পিএসএলের ড্রাফটে নিজের নাম আগেভাগেই উঠিয়ে নেওয়ার কথা।
“অবশ্যই, যেটা আমি বললাম বাংলাদেশের হয়ে খেলতে পারব না এটার চেয়ে বড় পাপ আমার জন্য কিছু হতে পারে না। আবার একই সঙ্গে দেখুন, পিএসএলের মতো টুর্নামেন্ট সেখানে খেলার প্রস্তাব ছিল। আমি কিন্তু প্রথমেই ওদের না করে দিয়েছি। কারণ আমি জানি এবার পুরো টুর্নামেন্ট পাকিস্তানে হবে। তখনই বলেছি , আমার পরিবার যেহেতু অনুমতি দিচ্ছে না। আর জীবনের আগে কখনোই ক্রিকেট না।”
