দর্শকের সামনে আসতে পুরোপুরি প্রস্তুত সুবর্ণা-সব্যসাচী

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ০১:২৭ পিএম

সুবর্ণা মুস্তাফা ও সব্যসাচী চক্রবর্তী। ঢাকা-কলকাতার দুই জনপ্রিয় তারকা বড়পর্দায় দর্শকদের সামনে আসতে পুরোপুরি প্রস্তুত। তাদের প্রথম সিনেমা বাংলাদেশ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সম্প্রতি।

৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘গণ্ডি’। পরিচালনা করেছেন ফাখরুল আরেফীন খান। এই নির্মাতার আগের ছবি ছিল ‘ভুবন মাঝি’।

বৃহস্পতিবার ‘গণ্ডি’ ছাড়পত্র পেয়েছে উল্লেখ করে ফাখরুল বলেন, “সেন্সর বোর্ডের সদস্যরা ‘গণ্ডি’ দেখার পর বেশ প্রশংসা করেছেন এবং বিনা কর্তনে ছাড়পত্র দিয়েছেন। বৃহস্পতিবার  ছাড়পত্র হাতে পেয়েছি। এখন আমাদের সিনেমাটির মুক্তি প্রক্রিয়ায় আর কোনো বাধা থাকল না।”

স্যোশাল মিডিয়ায়ও শেয়ার করেন সেন্সর ছাড়পত্রের সনদ।

ছবিতে আরও রয়েছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জিসহ অনেকে।

অবসরে থাকা দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টি কীভাবে নেয়, তাই উঠে আসবে ‘গণ্ডি’তে। রোমান্টিক-কমেডি ঘরানার এই সিনেমায় মোট তিনটি গান থাকছে। কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর ও দ্বীপ।

গড়াই ফিল্মস প্রযোজিত ‘গণ্ডি’র আবহ সংগীত করছেন পশ্চিমবঙ্গের দেবজ্যোতি মিশ্র।

ফেব্রুয়ারিতে মুক্তি পাবে বলে জানিয়েছেন ফাখরুল আরেফীন খান। শিগগিরই আসবে সুনির্দিষ্ট ঘোষণা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত