ছোটপর্দার পরিচিত মুখ রোবেনা রেজা জুঁই। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। এখন তিনি রয়েছেন ভারতে। যাওয়ার আগে সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
পরিবার নিয়ে ভারতে...
এক সপ্তাহের জন্য ভারতে যাচ্ছি। মূলত ঘুরতেই যাচ্ছি পরিবার নিয়ে। টানা কাজ করতে করতে যখন একটু একঘেয়েমি চলে আসে তখন নিজেকে রিফ্রেশ করতে হয়। এজন্য আমার কাছে সবচেয়ে ভালো উপার হিসেবে মনে হয় ঘোরাঘুরি। ঘুরলে মন ভালো হয়ে যায়। তাছাড়া আমি প্রতি বছর পরিবারসহ দু-একটি দেশে ঘুরে রেড়াই।
নতুন ধারাবাহিক
গত ৫ জানুয়ারি থেকে নাগরিক টিভিতে প্রচার শুরু হয়েছে আমার অভিনীত ‘জঙ্গলে গন্ডগোল’ নামের নতুন একটি ধারাবাহিক। এটি রচনা ও পরিচালনা করেছেন চঞ্চল মাহমুদ। এখানে আমি একটি চ্যালেঞ্জিং চরিত্র করছি। আমাকে ডাকাত দলের সদস্য হিসেবে দেখা যাবে। একজন নারী হয়ে এমন একটি কাজের সঙ্গে যুক্ত হওয়াটাই তো চ্যালেঞ্জিং। আর অভিনেত্রী হিসেবে তা নিজের মধ্যে ধারণ করাটাও বেশ চ্যালেঞ্জিং। আমি চেষ্টা করেছি কাজটি শতভাগ সততার সঙ্গে করার। এ পর্যন্ত যতটুকু দর্শক সাড়া পেয়েছি তাতে মনে হয়েছে দর্শক কাজটি পছন্দ করছেন।
একগুচ্ছ ধারাবাহিকে...
এখন আমার অভিনীত বেশ কিছু ধারাবাহিক প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে। এরমধ্যে বাংলাভিশনে চলছে ‘চাটাম ঘর’ ও মাছরাঙায় আল হাজেন পরিচালিত ‘হুলুস্থুল’। নতুন আরও কয়েকটি ধারাবাহিক আছে প্রচারের অপেক্ষায়। এরমধ্যে রয়েছে রুলীন রহমানের রচনা ও পরিচালনায় ‘সুতোয় বাঁধা সুখের পায়রা’, কায়সার আহমেদের ‘চাঁন বিরিয়ানি’ ও অভিনেতা রওনক হাসান পরিচালিত ‘বিবাহ হবে’ ধারাবাহিকটি।
এত ধারাবাহিক কেন?
এখন খন্ড নাটকের চেয়ে ধারাবাহিক নাটকে অভিনয় করা ভালো বলে মনে হচ্ছে। কারণ, খন্ড নাটকের গল্প, চরিত্র ও প্লট সেই একইরকম হচ্ছে বেশি। যেগুলো ভিন্নধর্মী কাজ হচ্ছে সেগুলোতে আমাকে প্রস্তাব দিলে আমি আগ্রহ নিয়ে কাজ করছি। ধারাবাহিক নাটকে বরং একটু আলাদা স্বাদের কাজ হচ্ছে। একটি চরিত্র ফুটিয়ে তোলার জন্য সময় পাওয়া যায়, চরিত্রটি দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায়।
অবস্থান পরিবর্তন...
আমি যখন কাজ শুরু করি, তখন যে কাজটির প্রস্তাব আসত, সেটাই করতাম। অভিনয়ের বেশ কয়েক বছর হয়ে গেল। এই সময়ে হয়তো নিজেকে তুলে ধরতে পেরেছি দর্শক, প্রযোজক ও পরিচালকের কাছে। তাই এখন আমি নানা ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাই। অভিনয়ের ক্ষেত্রে এখন আরও চুজি হয়েছি। ব্যতিক্রমী আর মানসম্মত কাজ না হলে করছি না। কারণ, আমার শিল্পসত্তা ভালো কাজ করতেই সব সময় তাগিদ দেয়।
