আ.লীগ নেতা আবদুল মান্নান এমপি মারা গেছেন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০২:৪৭ এএম

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুল মান্নান আর নেই। গতকাল শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৬ বছর। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোকবার্তায় তারা বাংলাদেশের রাজনীতিতে আবদুল মান্নানের অবদানের কথা স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আবদুল মান্নানের ব্যক্তিগত সহকারী মতিউর রহমান জানান, গত বৃহস্পতিবার রাজধানী ধানমন্ডির বাসভবনে অসুস্থ হয়ে পড়লে প্রথমে সাংসদকে পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। রাতে আরও অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর গতকাল সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। আবদুল মান্নানের প্রথম জানাজা আগামীকাল সোমবার সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের জানান, সোমবার সংসদের দক্ষিণ প্লাজায় আবদুল মান্নানের জানাজা শেষে হেলিকপ্টারযোগে তার মরদেহ নিজ সংসদীয় এলাকা বগুড়ার সোনাতলায় নেওয়া হবে। সেখানেও জানাজা হবে। এরপর সারিয়াকান্দিতে তৃতীয় জানাজা শেষে নিজ গ্রামে দাফন করা হবে। তিনি বলেন, আবদুল মান্নানের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তার মেয়ে বিদেশে আছেন। সেখান থেকে আগামীকাল (আজ) রাতে তিনি দেশে ফিরবেন। সে পর্যন্ত আবদুল মান্নানের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে।

আবদুল মান্নান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ছিলেন। তার বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামে। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন তিনি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জয় পান তিনি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হন তিনি। আবদুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া জেলা পরিষদের সদস্য। তার ছেলে সাখাওয়াত হোসেন ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক এবং মেয়ে মালিহা মান্নান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত