নাঈমুল আবরারের মৃত্যু

মতিউর রহমানসহ ৬ জনকে হয়রানি না করার নির্দেশ

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০৩:১৮ এএম

ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাঈমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ছয়জনের জামিন আবেদনের শুনানি পর্যন্ত তাদের গ্রেপ্তার কিংবা হয়রানি না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল রবিবার ছয়জনের জামিনের আবেদন উপস্থাপন করা হলে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ আংশিক শুনানি শেষে এ আদেশ দিয়ে আজ সোমবার শুনানির জন্য ধার্য রাখে। 

আবরারের অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে করা মামলায় গত বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. কায়সারুল ইসলাম মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ছাড়াও হাইকোর্টে জামিনের আবেদনকারী অন্যরা হলেন দৈনিকটির সহযোগী সম্পাদক আনিসুল হক, পত্রিকাটির সাময়িকী ‘কিশোর আলো’র জ্যেষ্ঠ সহসম্পাদক মহিতুল আলম, পত্রিকাটির হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহ পরান তুষার ও নির্বাহী শুভাশীষ প্রামাণিক।

আদালতে তাদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আমীর-উল ইসলাম। সাংবাদিকদের তিনি বলেন, ‘সকালে মামলাটি ফাইল করা হয়। আদালত সেটি বিকেলে শুনানির জন্য ধার্য করেছিলেন। যেহেতু খুব সংকীর্ণ সময় তাই আদালত আদেশে দিয়েছেন, নট টু হ্যারাস, নট টু অ্যারেস্ট (গ্রেপ্তার ও হয়রানি না করা)। আগামীকাল (আজ) আমরা আমাদের যুক্তি ও প্রার্থনা আদালতে উপস্থাপন করব।’ তিনি আরও বলেন, ‘আমাদের কাছে মনে হয়েছে যে নিম্ন আদালতের  আদেশে (গ্রেপ্তারি পরোয়ানা) আইন ভঙ্গ হয়েছে। বেআইনিভাবে তাদের (জামিন আবেদনকারীদের) ব্যক্তিস্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা হয়েছে।’

গত বছরের ১ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে ‘কিশোর আলো’র একটি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয় নবম শ্রেণির ছাত্র নাঈমুল আবরার রাহাত। আবরারের বাবা মো. মুজিবুর রহমান গত ৬ নভেম্বর প্রথম আলো সম্পাদকসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলায় দণ্ড বিধির ৩০৪ (ক) ধারায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ আনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত