মিশন এক্সট্রিম: ‘কাট, শুটিং প্যাক আপ’ বলে ক্যামেরা ক্লোজ

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০৫:২৮ পিএম

ঈদুল ফিতরে মুক্তি পাবে ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার পরিচালিত ‘ঢাকা এক্সট্রিম’। গত বছরের শেষে দিকে প্রকাশ হওয়া ফার্স্টলুক পোস্টার দারুণ সাড়া পেয়েছে।

কয়েক দিন আগে একটি খবরে নড়েচড়ে বসেন কপ থ্রিলারের ভক্তরা। চুপিচুপি আরেকটি পরের কিস্তির কাজও এগিয়ে রেখেছেন নির্মাতারা। ঠিক এগিয়ে রাখা নয়- শুটিংয়ের শেষ দিকে এসে তারা খবরটি দেন।

এবার সিনেমাটির ফেইসবুক পেজে জানানো হলো, রবিবার রাতে সম্পন্ন হয়েছে সিক্যুয়েলের শুটিং।

এ উপলক্ষে বিএফডিসির ৭ নম্বর ফ্লোরে টিম সদস্যদের নিয়ে ‘ক্যামেরা ক্লোজিং সেরেমোনি’র আয়োজন করা হয়।

image

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘কাট, শুটিং প্যাক আপ’ বলে ক্যামেরা ক্লোজ করেন পুলিশের বিশেষায়িত ইউনিট সিটিটিসি’র প্রধান মনিরুল ইসলাম।

তিনি বলেন, “ঢাকা অ্যাটাক এবং ‘মিশন এক্সট্রিম’ সিনেমা নির্মাণে যারা নিরলস পরিশ্রম করেছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই। সে সঙ্গে এসব সিনেমায় পুলিশের সত্যিকারের কিছু চ্যালেঞ্জ বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

সানী সানোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মাজনুন মিজান, এহসান রহমান, দীপু ইমামসহ পুরো সিনেমাটি পুরো টিম।

জানানো হয়, শিগগিরই শুরু হবে ‘মিশন এক্সট্রিম’-এর বাকি প্রচারণা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত