বিএনপি ঢাকাবাসীর উন্নয়নের জন্য নয়, তাদের নেত্রীকে মুক্ত করার আন্দোলনের অংশ হিসেবে সিটি নির্বাচনে অংশগ্রহণ করছে বলে মন্তব্য করেছেন দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। গতকাল সোমবার রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় নির্বাচনী গণসংযোগে তিনি এ মন্তব্য করেন। শেখ তাপস বলেন, বিএনপির প্রার্থী নির্বাচনে ঢাকার উন্নয়নের জন্য নয়, ঢাকাবাসীর কষ্ট লাঘবের জন্য নয়, উন্নত ঢাকা উপহার দেওয়ার জন্য নয় বরং তারা বারবার বলছে এটা তাদের একটি আন্দোলনের অংশ, তাদের নেত্রীকে মুক্ত করার আন্দোলনের অংশ। আমি মনে করি না ঢাকাবাসী সেটাকে গ্রহণ করবে। তিনি বলেন, আমরা যে উন্নয়নের রূপরেখা দিয়েছি; আমি বিশ্বাস করি ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করেছে। এভাবে উন্নয়নের রূপরেখা কেউ এই নির্বাচনেও দেয়নি, এর আগেও কেউ দেয়নি। তাপস বলেন, সুনির্দিষ্ট রূপরেখার আওতায় উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে আমরা বিস্তারিত নির্বাচনী ইশতেহারে প্রকাশ করব। এখন পর্যন্ত আমরা যতটুকু ঢাকাবাসীর কাছে তুলে ধরেছি, ঢাকাবাসী সেটা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নিয়ে বিএনপির বিরোধিতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, এখন নতুন করে ইভিএমের ব্যাপারে তারা কথা বলছে। আমি তো ঢাকার জনগণের মধ্যে এ ব্যাপারে কোনো শঙ্কা লক্ষ করিনি। হকারমুক্ত ঢাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পর্যায়ক্রমে একটি মহাপরিকল্পনার আওতায় আমাদের ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন, সচল হিসেবে গড়ে তুলব। সেখানে রাস্তা হোক বা ফুটপাত হোক যেগুলো অবমুক্ত করার আমরা ব্যবস্থা নেব, তবে এটা পর্যায়ক্রমে। কারণ আমাদের যারা ফুটপাতে হকারের ব্যবসা করে তারা আসলে শোষিত। তাদের শোষণ করা হয় বিভিন্ন মিটিংম্যানের আওতায়। আমরা তাদের জন্য কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করব।
এ সময় তার সঙ্গে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলসহ স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
