আমরা দেখিয়ে দেব তরুণরাও পারে : ইশরাক

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ০২:৫৬ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন তরুণ সমাজকে তার সঙ্গে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আপনারা আমার সঙ্গে থাকুন; ধানের শীষের প্রতীকে ভোট দিন। আমরা দেখিয়ে দেব তরুণরাও পারে।’

গতকাল সোমবার নির্বাচনের একাদশতম দিনের প্রচার শুরুর আগে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে ‘বয়স’ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর সমালোচনার জবাবে তিনি এসব কথা বলেন। ইশরাক বলেন, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা পালন করেছিল। তরুণ ভাই তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল স্বাধীনতা অর্জনের জন্য। তাই যারা তরুণদের বয়স নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে আমরা তাদের দেখিয়ে দিতে চাই আমরা তরুণরাও নেতৃত্ব দিতে পারি।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাবেক সফল মেয়র সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান। আমি নিজে ঢাকার মেয়র ছিলাম। সাদেক হোসেন খোকাও ঢাকার মেয়র ছিলেন। তখন ঢাকার এই পরিণতি ছিল না। ঢাকা একটি গোছালো শহর ছিল। নগরবাসীকে উদ্দেশ করে তিনি বলেন, ইশরাক একজন যোগ্য প্রার্থী। আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করুন। সিটি করপোরেশন পরিচালনায় আমার ও সাদেক হোসেন খোকার যে অভিজ্ঞতা তা সমন্বয় করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন একটি সুন্দর বাসযোগ্য ঢাকা শহর গড়ে তুলতে সক্ষম হবেন।

গণসংযোগে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবসহ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত