সেবা সংস্থায় আর ভোগান্তি হবে না : আতিক

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ০২:৫৮ এএম

আসন্ন নির্বাচনে বিজয়ী হলে সব সেবা সংস্থাকে জবাবদিহির মধ্যে আনার চেষ্টা করবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। গতকাল রাজধানীর খিলক্ষেত এলাকায় নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আতিকুল ইসলাম বলেন, মানুষের প্রত্যাশা সব সেবা সংস্থাগুলোর কাজ ত্বরিত হোক, ভোগান্তি কম হোক। আমরা নির্বাচিত হলে সবার আগে সেবা সংস্থার মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করব। সিটি করপোরেশনের মতো ঢাকা ওয়াসাসহ সব সংস্থাকে জবাবদিহির মধ্যে আসতে হবে। মানুষ ভোগান্তির জন্য সিটি করপোরেশনের কাছে তাদের সমস্যার কথা বলবে, মানুষ চায় সিটি করপোরেশন করুক। তাই আমরা চেষ্টা করব সব সংস্থাকে কীভাবে জবাবদিহির মধ্যে আনা যায়।

বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমার প্রতিপক্ষ, আমার ভাতিজা তাবিথ আউয়াল বলেছেন, আমি আচরণবিধি লঙ্ঘন করছি। তিনি আচরণবিধি লঙ্ঘনের কথা বলবেন, আমি বলব কীভাবে এলাকার উন্নয়ন করা যায়। আমি কোনো অভিযোগ করতে চাই না। আমি চাই মানুষের সমস্যা কীভাবে সমাধান করা যায়। আমি চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে ত্বরান্বিত করতে। নির্বাচিত হলে খিলক্ষেতে একটি আধুনিক বাজার নির্মাণ করবেন জানিয়ে আতিকুল ইসলাম বলেন, খিলক্ষেত এলাকায় আসার পর মানুষ আমার কাছে দাবি করেছে এখানে কোনো বাজার নেই। অবশ্যই একটি এলাকার জন্য বাজার দরকার। তিনি বলেন, এই এলাকায় একটি কমিউনিটি সেন্টার করা হবে। এখানে কোনো জায়গা অবৈধ দখলে থাকলে তা দখলমুক্ত করে শিশুদের জন্য খেলার মাঠ করা হবে।

আতিকুল ইসলাম গতকাল খিলক্ষেত থেকে প্রচার শুরু করে লেকসিটি কনকর্ড, কুড়িল, যমুনা ফিউচার পার্ক, ভাটারা, আশকোনা এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তার সঙ্গে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত