বিএনপি ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল : কাদের

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ০৩:০৫ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল হচ্ছে বিএনপি। গতকাল সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিরোধী দল হিসেবে বিএনপি রাজপথের আন্দোলনে সফলতা পায়নি। নির্বাচনেও পরাজিত ও ব্যর্থ হয়েছে। তারা এখন একটি নালিশনির্ভর দলে পরিণত হয়েছে।’

‘সারা দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ১ তারিখ বোঝা যাবে, গণজোয়ার ধানের শীষের নাকি নৌকার? নির্বাচনের ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত তারা (বিএনপি) কারচুপির অভিযোগ করবে। এটি তাদের পুরনো অভ্যাস।’

সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়ার অভিযোগ তো আমার। কারণ বিএনপি মহাসচিব সুন্দরভাবে তার দলের মনোনীত প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন, আমি সে সুযোগ পাচ্ছি না।’

দৈনিক প্রথম আলোর সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও জামিন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এখানে সরকারের ইচ্ছা-অনিচ্ছার বিষয় নয়। একটি ঘটনা ঘটেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আদালত পরোয়ানা জারি করেছেন। পরে আবার তারা আদালত থেকে জামিন নিয়েছেন। এটা সম্পূর্ণ আদালতের কর্র্তৃত্ব।’

আরেক এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে দুই লেনের সড়কগুলোর উন্নয়নে সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে বিভিন্ন সড়ককে চার লেনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত