গাজীপুরে রাষ্ট্রপতি

স্কাউটিং দেশ সেবায় কাজে লাগাতে হবে

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ০৩:০৯ এএম

স্কাউটিং দেশসেবা ও মানবকল্যাণে কাজে লাগাতে পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, স্কাউটিং একজন শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হাতে-কলমে শিক্ষা দেয়। স্কাউটিংয়ের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে প্রতিফলিত হলে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে। গতকাল সোমবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে বাংলাদেশ স্কাউটস আয়োজিত ছয় দিনব্যাপী নবম জাতীয় কাব ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্যাম্পুরিতে অংশগ্রহণকারী দেশ-বিদেশের কাব স্কাউট ও স্কাউটদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ক্যাম্পুরি পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বের সেতুবন্ধন রচনার পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সক্রিয় ভূমিকা রাখবে বলে আমি আশা করি। তিনি বলেন, আগামী দিনে তোমরাই বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমরাই জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, ধর্মনিরপেক্ষ উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে। সব সময় মনে রাখতে হবে অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এ দেশ আমাদের। এজন্য তোমাদের যোগ্য ও দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। সমাজসেবা, সমাজ উন্নয়ন কর্মকাণ্ডে তোমরা সক্রিয় ভূমিকা রাখবে। বন্যা, ঘূর্ণিঝড়, ভবন ধস ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজে তথা জাতীয় দুর্যোগে স্কাউটদের সবার আগে এগিয়ে আসতে হবে। আমি আশা করি, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ধর্মান্ধতা রোধসহ সামাজিক জনসচেতনতা সৃষ্টিতে স্কাউটরা বরাবরের মতো নিজেদের সক্রিয় রাখবে।

রাষ্ট্রপতি বলেন, ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশের স্কাউট সদস্য সংখ্যা প্রায় ১৯ লাখ থেকে ২১ লাখে উন্নীত করার উদ্যোগকে আমি স্বাগত জানাই। ২০২১ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হবে ৩২তম এপিআর স্কাউট জাম্বুরি। স্কাউট সদস্য সংখ্যা ক্রমাগত বৃদ্ধির জন্য বাংলাদেশ বিশ্ব স্কাউট সংস্থার ‘টপ ফাইভ কান্ট্রি অ্যাওয়ার্ড’ এবং ‘এপিআর সাসটেনেবল গ্রোথ অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। এজন্য তিনি সব পর্যায়ের স্কাউট ও স্কাউট নেতাদের অভিনন্দন জানান।

জাতীয় কাব ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও চিফ স্কাউট ২০১৮ সালে স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড’ এবং রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জনকারীদের মধ্যে অ্যাওয়ার্ড বিতরণ করেন। এই কাব ক্যাম্পুরিতে (৬ থেকে ১০+ বয়সী) কাব স্কাউটরা দেশের বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল, এবতেদায়ি মাদ্রাসা ও মুক্ত স্কাউট দলের কাব স্কাউট সদস্য। জেলা কন্টিনজেন্ট লিডারের নেতৃত্বে জেলাভিত্তিক কাব লিডারদের নিয়ে কাব স্কাউটরা ক্যাম্পুরি ময়দানে আসে। কাব ক্যাম্পুরি হচ্ছে কাব স্কাউটদের বৃহত্তম মিলনমেলা। প্রতি চার বছর অন্তর বাংলাদেশ স্কাউটস এই মিলনমেলার আয়োজন করে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত