রোহিঙ্গাদের সঙ্গে ইয়াং হি লি

রাখাইনে স্বস্তি ফেরাতে কূটনৈতিক চাপ অব্যাহত

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ০৩:১১ এএম

রাখাইন রাজ্যের চলমান সহিংসতা নিরসন করে স্বস্তি ফিরিয়ে এনে রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়ার পরিবেশ তৈরিতে জাতিসংঘ মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধি করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ৭টি রোহিঙ্গা সংগঠনের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন ইয়াং হি লি। কুতুপালং মেগা-১৭ নম্বর ক্যাম্পের সরকারি অফিসের কনফারেন্স হলে পৃথক পৃথক রোহিঙ্গা সংগঠনের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সম্প্রতি মিয়ানমারে কারাভোগ শেষে কুতুপালং মেগা বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া ৬৩ জন রোহিঙ্গার মধ্য থেকে ৫ রোহিঙ্গার সঙ্গেও আলাদা বৈঠক করেন ইয়াং হি লি। এরপর তিনি সীমান্তের তুমব্রু কোনার পাড়া জিরো লাইনে থাকা রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করেন।

বৈঠকে অংশগ্রহণকারী রোহিঙ্গাদের নতুন সংগঠন আরাকান রোহিঙ্গা ন্যাশনাল ইউনিয়নের (এআরএনইউ) চেয়ারম্যান মাস্টার আবদুর রশীদ বলেন, ‘আমরা ইয়াং হি লির কাছে রোহিঙ্গাদের ভবিষ্যৎ কী, রোহিঙ্গাদের বিষয়ে গত আড়াই বছরে জাতিসংঘের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছি।’

সোমবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলা বৈঠকে অংশ নেয় এআরএনইউর ভাইস চেয়ারম্যান মাস্টার নুরুল আলম, মাস্টার ইলিয়াসসহ ৭ জন, রোহিঙ্গা শান্তি মহিলা কমিটির হামিদা বেগম, সেতারা বেগমসহ ৬ জন, ভয়েস অব রোহিঙ্গার রিদুয়ান, শামসুল আলমসহ ৫ জন, রোহিঙ্গা উইমেন অ্যান্ড নেটওয়ার্কের উম্মে কুলসুম, ইয়াছমিনসহ ৫ জন, রোহিঙ্গা রিফিউজি কাউন্সিলরের সিরাজুল মোস্তফাসহ ৫ জন, রোহিঙ্গা ইয়ুথ ফর লিগ্যাল অ্যাকশনের শফিক, বাংলাদেশ রোহিঙ্গা স্টুডেন্ট  ইউনিয়নের আবসারসহ ৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত